চট্টগ্রামে পুলিশকে ফোন করে এবার আত্মসমর্পণের কথা শুনিয়েছে শীর্ষ সন্ত্রাসী রায়হান
ছবি: সংগৃহীত
১০:২৭ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হানকে ধরতে টানা অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যেই পুলিশকে ফোন করে এবার আত্মসমর্পণ করে ‘ভালো হওয়ার’ কথা শুনিয়েছে সে।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুকে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজের সঙ্গে কথোপকথনের একটি অডিও পোস্ট করে আত্মসমর্পণের ইঙ্গিত দেয় রায়হান। এ সময় পুলিশ কর্মকর্তা তারেক আজিজের প্রশংসা করে রায়হান লেখে, ‘স্যার কিন্তু ভালো মনের মানুষ। উনার সাথে কথা বলে একটু ভালো লাগছে। দেখা যাক উনার হাত ধরে ভেতরে গিয়ে ভালো হয়ে যাব।’
জানা যায়, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজকে ফোন করে প্রায় ১০ মিনিট কথা বলে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান। ফোনালাপে রায়হানকে আত্মসমর্পণে আগ্রহ, নিরাপত্তা, ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও মামলার আশঙ্কার কথা বলতে শোনা যায়।
আগেও রায়হান আত্মসমর্পণের উদ্যোগ নিয়েছিলেন বলে জানায়। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথাও হয়েছিল। কিন্তু মাঝখানে জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেননি।
পুলিশ কর্মকর্তা তাকে আশ্বস্ত করে বলেন, রায়হানের বিরুদ্ধে আগে থেকে থাকা মামলাগুলোর বাইরে নতুন কোনো মামলায় জড়ানো হবে না। নিরাপদে আত্মসমর্পণের ব্যবস্থাও করা হবে। একইসঙ্গে ওইদিনই পুলিশের কাছে আসার জন্য তাকে কয়েকবার অনুরোধ করা হয়।
কথোপকথনের অডিওতে পুলিশ কর্মকর্তা তারেক আজিজের সঙ্গে রায়হানকে ‘খুনসুঁটি’ করে কথা বলতে শোনা যায়। আবার আত্মসমর্পণের জন্য নিজেকে প্রস্তুত করার কথাও বলতে শোনা যায়। পুলিশ কর্মকর্তা তারেক আজিজ ফোনালাপে রায়হানকে আত্মসমর্পণের অনুরোধ জানান।
এমআই/