আইপিএলের মাঠে উন্নত ফ্লাড লাইট, মানিয়ে নিতে পারছেন না ক্রিকেটাররা!
ছবি: সংগৃহীত
০৫:৪৫ এএম | ১০ মে, ২০২৬
জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামের নতুন এলইডি ফ্লাড লাইট নিয়ে খুশি নন রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারা। রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে বেশ কিছু ক্যাচ মিস করেছেন ফিল্ডাররা। রাজস্থান কোচের অভিযোগ, নতুন ফ্লাড লাইটের কারণেই সমস্যা হচ্ছে ফিল্ডারদের।
আইপিএলের এবারের আসর শুরুর আগে এই স্টেডিয়ামে নতুন ফ্লাড লাইট লাগানো হয়েছে। অত্যাধুনিক এই ফ্লাড লাইটই এখন বিতর্কের কেন্দ্রে।
নতুন ফ্লাড লাইটে মাঠে আলোর পরিমাণ বেড়েছে। উজ্জ্বল আলোয় দৃশ্যমানতাও বৃদ্ধি পেয়েছে। অথচ নতুন এই আলোই সমস্যার কারণ বলে অভিযোগ সাঙ্গাকারার।

তিনি বলেছেন, 'স্টেডিয়াম কর্তৃপক্ষ নতুন লাইট লাগিয়েছেন। দারুণ কাজ করেছেন। জয়পুরে এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে। অন্য স্টেডিয়ামগুলোয় এলইডি লাইট নেই। পার্থক্য অনেকটাই। এলইডি লাইট অনেক বেশি উজ্জ্বল হলেও ক্রিকেটারদের মানিয়ে নিতে সমস্যা হচ্ছে।সবাই স্বচ্ছন্দ বোধ করছেন না। উজ্জ্বল আলোয় উঁচুতে ওঠা বল দেখতে সমস্যা হচ্ছে।'
কীভাবে এই সমস্যার সমাধান করা যায়? এমন প্রশ্নে সাঙ্গাকারা বলেছেন, 'আমরা স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। অনুরোধ করেছি, লাইটের দিক সামান্য পরিবর্তন করতে। এমন ভাবে করা হোক যাতে মাঠে পর্যাপ্ত আলো থাকবে অথচ সরাসরি চোখে পড়বে না। বিভিন্ন রকম লাইটের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। সমস্যা হয়। তবে আধুনিক প্রযুক্তির যে লাইট জয়পুরের স্টেডিয়ামে ব্যবহার করা হচ্ছে, আমি তার বিরুদ্ধে নই। উন্নয়নের সঙ্গে মানিয়ে নিতে হবে।'
আইপিএলের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান। ১০টি ম্যাচ খেলে ৬টি জিতেছে রিয়ান পরাগের দল।
এমআর/টিএ