কোন প্রক্রিয়ায় সম্ভাব্য কোচদের সাক্ষাৎকার নিচ্ছে বাফুফে?
ছবি: সংগৃহীত
০৬:৫৪ এএম | ১০ মে, ২০২৬
বাফুফে জাতীয় পুরুষ ফুটবল দলের কোচ নিয়োগের জন্য সাক্ষাৎকার গ্রহণ করছে। গত কয়েক দিনে ২-৩ জন করে কোচের সাক্ষাৎকার নেয়া হয়েছে। আজ পর্যন্ত সেই সংখ্যাটা দশে স্পর্শ করেছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যান। তার সভাপতিত্বেই কোচদের সাক্ষাৎকার কার্যক্রম চলছে। গড়ে প্রতি কোচ ৩০-৪০ মিনিট করে সাক্ষাৎকার দিচ্ছেন। দশ জনের মধ্যে ৪-৫ জন কোচ সাক্ষাৎকার পর্বে প্রেজেন্টশন উপস্থাপন করেছেন বাংলাদেশ দল নিয়ে।
কয়েকজন কোচ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর, বাংলাদেশ-ভারত ম্যাচের কৌশলগত দিকগুলো তুলে ধরেছেন। কেন সিঙ্গাপুর-হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ পয়েন্ট হারাল সেটার যৌক্তিকতা যেমন তুলে ধরেছেন আবার কোন ম্যাচগুলোতে বাংলাদেশ কেন গোল করতে পারেনি বেশি সেটার পর্যবেক্ষণও জানিয়েছেন। কোচদের এমন বিচক্ষণতায় জাতীয় দল কমিটির অনেকেই অভিভূত।

কৌশল ছাড়াও কোচ ও ফেডারেশন দুই পক্ষের মধ্যে নানা ইস্যুতে আলোচনা হয় সাক্ষাৎকার পর্বে। অধিকাংশ প্রশ্ন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালই করেন। মাঝে মধ্যে কমিটির অন্য সদস্যরা দুই-একটি বিষয় জানতে চান। আবার কোচরাও অনেক বিষয় নিজ থেকে জানতে চান। দশ জন কোচের প্রায় সবাই বাংলাদেশ সম্পর্কে যথেষ্ট অবগত। গ্যারেথ বেলদের সাবেক কোচ ক্রিস কোলম্যানের সাক্ষাৎকার হয়েছে। তার সাক্ষাৎকারে অনেকেই মুগ্ধ হয়েছেন।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল রোববারের মধ্যে কোচের নাম চূড়ান্ত করতে চেয়েছেন। চলতি সপ্তাহে দুই পক্ষের মধ্যে চুক্তি করতে চান।
কোচদের সাক্ষাৎকার গ্রহণ পর্ব অনেকটাই শেষ। এখন বাফুফে পর্যালোচনা করবে। বেতন, আনুষাঙ্গিক চাহিদা, অতীত সাফল্য সব ইস্যু বিবেচনা করে অতি সংক্ষিপ্ত তালিকা ১-৩ জনের মধ্যে হতে পারে। নির্বাহী কমিটি বা ফেডারেশনে অন্যদের সঙ্গে আলোচনা করে নাম চূড়ান্ত হতে পারে।
আবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গেও শেষ মুহুর্তে পরামর্শ বা আলোচনা করতে পারেন বাফুফে সভাপতি।
এমআর/টিএ