হ্যান্সি ফ্লিকএই মুহূর্তটি কখনো ভুলব না
ছবি: সংগৃহীত
০৫:১৩ পিএম | ১১ মে, ২০২৬
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা দ্বিতীয় লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। তবে এমন আনন্দঘন রাতেই ব্যক্তিগত শোকের মুখোমুখি হন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক।
এল ক্লাসিকোর আগে তিনি জানতে পারেন, তার বাবা মারা গেছেন। তবুও দায়িত্ববোধ থেকে দলকে ছেড়ে না গিয়ে ডাগআউটে থাকার সিদ্ধান্ত নেন জার্মান এই কোচ।
ক্যাম্প ন্যুতে ২-০ গোলের জয়ের পর বার্সা সমর্থকদের উচ্ছ্বাসে ভেসে যায় পুরো স্টেডিয়াম। তবে ম্যাচ শেষে ফ্লিক জানান, দিনটি তার জীবনের অন্যতম আবেগঘন অভিজ্ঞতা হয়ে থাকবে। সকালে মায়ের কাছ থেকে বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর তিনি দ্বিধায় ছিলেন বিষয়টি গোপন রাখবেন কি না। শেষ পর্যন্ত খেলোয়াড়দের সঙ্গে খবরটি ভাগ করে নেন, কারণ দলটিকে তিনি নিজের পরিবারের মতো মনে করেন।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় ও শিরোপা নিশ্চিত করার অনুভূতিকে বিশেষ বলে উল্লেখ করে ফ্লিক বলেন, ম্যাচটি মোটেও সহজ ছিল না। প্রতিপক্ষও শক্তিশালী ছিল, কিন্তু তার দল দারুণ ফুটবল খেলেছে এবং রক্ষণভাগও অসাধারণ পারফর্ম করেছে।
পুরো মৌসুমজুড়ে চোট-আঘাত বার্সেলোনার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তারপরও দল হাল না ছেড়ে লড়াই চালিয়ে গেছে। ২৯তম লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর ফ্লিক বিশেষভাবে কয়েকজন ডিফেন্ডারের প্রশংসা করেন এবং জানান, মৌসুমের শেষ দিকে দল রক্ষণে উল্লেখযোগ্য উন্নতি করেছে।
যদিও ঘরোয়া লিগে আধিপত্য ধরে রেখেছে বার্সা, ইউরোপের মঞ্চে এখনো কাঙ্ক্ষিত সাফল্য পায়নি দলটি। ২০১৫ সালের পর আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারায় আগামী মৌসুমে সেই ট্রফিই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ফ্লিক। পাশাপাশি চলতি মৌসুমে ১০০ পয়েন্টে পৌঁছানোর লক্ষ্যও রয়েছে দলের।
এই শিরোপার মাধ্যমে শীর্ষ পর্যায়ের লিগে নিজের শতভাগ সাফল্যের রেকর্ডও ধরে রাখলেন ফ্লিক। এর আগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের হয়ে টানা দুইবার বুন্দেসলিগা শিরোপা জেতার পর এখন বার্সেলোনার হয়েও পরপর দুই মৌসুমে লিগ শিরোপা ঘরে তুললেন তিনি।
এবি/টিএ