© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিরপুর টেস্টবড় লিডের পথে বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

শেয়ার করুন:
বড় লিডের পথে বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৪ পিএম | ১১ মে, ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে মিরপুরে খেলায় মজেছে বৃষ্টিও। এখন পর্যন্ত সবমিলিয়ে প্রায় অর্ধেক দিন বেরসিক বৃষ্টির পেটে গেছে ম্যাচ। আজই যেমন প্রায় সাড়ে ৩ ঘণ্টা খেলা হয়নি মিরপুরে।

তাতে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ড্রয়ের দিকেই যাচ্ছে।

কেননা আর একটা দিনই খেলার সুযোগ পাচ্ছে দুই দল। বাকি রয়েছে এখনো দুই ইনিংস। আজ বাংলাদেশ চতুর্থ দিন শেষে ৩ ‍উইকেটে ১৫২ রানে মাঠ ছেড়েছে। এতে লিড দাঁড়িয়েছে ১৭৯ রানের।

এতে শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় থাকবেন ক্রিকেটপ্রেমীরা।

আগামীকাল শেষ দিনে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেওয়ার লক্ষ্যে মাঠে নামবেন দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। অধিনায়ক শান্তর সামনে সুযোগ থাকছে দুই ইনিংসে সেঞ্চুরি করার। ৫৮ রানে অপরাজিত আছেন বাঁহাতি ব্যাটার।

প্রথম ইনিংসে করেন ১০১ রান।

অন্যদিকে ১৬ রানে অপরাজিত আছেন মুশফিক। চতুর্থ উইকেটে তাদের জুটির রান দাঁড়িয়েছে ২৪। এর আগে এই ইনিংসেও ফিফটি করে মাঠ ছেড়েছেন মমিনুল হক। ব্যক্তিগত ৫৬ রানে আউট হওয়ার পথে শান্তর সঙ্গে ১০৫ রানের দুর্দান্ত জুটি গড়েন তিনি।



ইনিংসটি খেলার পথে টেস্টে ৫০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন মমিনুল। মুশফিক (৬৫৯৭ রান)-তামিম ইকবালের (৫১৩৪ রান) পর তৃতীয় ব্যাটার তিনি (৫০০৬ রান)

আর চতুর্থ দিনের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। গত দিনের দলীয় ৭ রান নিয়ে আজ মাঠে নেমেছিলেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। কিন্তু দলের খাতায় ৮ রান যোগ করতেই দুজনের পথ যায় বেঁকে। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে কাটা পড়েন ব্যক্তিগত ৫ রান করা জয়।

জয়ের দেখানো পথ যেন দ্রুত অনুসরণ করেন তার ওপেনিং সঙ্গী সাদমানও। সেটিও আবার দলের খাতায় সমান ৮ রান যোগ হতেই। ব্যক্তিগত ১০ রানে সাদমান ফেরার সময় দলের স্কোর দাঁড়ায় ২৩ রানে ২। সেখান থেকে দলের হাল ধরেন দুই বাঁহাতি মমিনুল-শান্ত। তাদের হাল ধরার মাঝেই প্রায় দেড় সেশন খেলে দেয় বৃষ্টি।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৪১৩ ও ১৫২/৩ (শান্ত ৫৮* ও মুশফিক ১৬*)
পাকিস্তান : ৩৮৬
*চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৭৯ রান।

টিজে/টিএ 

মন্তব্য করুন