বন্ধু মেসির পর নেইমারকে বিশ্বকাপে দেখতে ব্রাজিলের সংসদ সদস্যের তিন পৃষ্ঠার চিঠি
ছবি: সংগৃহীত
১০:৫২ পিএম | ১১ মে, ২০২৬
দুই দিন আগেই নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে দেখার কথা বলেছেন তারই বন্ধু বর্তমান বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। পোলো আলভারেজের পডকাস্ট ‘লো ডেল পোলো’তে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে নিজের আবেগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন মেসি। চোট আর ফর্মহীনতায় দীর্ঘ সময় ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকা নেইমারকে নিয়ে মেসি বলেন, ‘আমরা সব সময় চাই সেরা খেলোয়াড়েরা বিশ্বকাপে থাকুক।
নেইমার এখন কোন ফর্মে আছে, সেটা বড় কথা নয়, সে সব সময় সেরাদের একজন হিসেবেই গণ্য হবে।’
লিওনেল মেসির পর নেইমারকে নিয়ে এবার আলোচনা মাঠ ছাড়িয়ে পৌঁছে গেছে সংসদ ভবন পর্যন্ত। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির। তার ঠিক এক সপ্তাহ আগেই নেইমারকে দলে রাখার দাবি তুললেন ব্রাজিলের এক সংসদ সদস্য।
ব্রাজিলীয় ফেডারেল ডেপুটি হেলিও লোপেস সরাসরি চিঠি পাঠিয়েছেন দেশটির ফুটবল কনফেডারেশনে (সিবিএফ)। তিন পাতার সেই চিঠিতে তার দাবি—বিশ্বকাপে সান্তোস তারকা নেইমারকে দলে রাখা হোক। নিজের সোশ্যাল মিডিয়ায় এই চিঠির কথা জানিয়ে লোপেস লিখেছেন, নেইমার কেবল একজন খেলোয়াড় নন; তিনি সৃজনশীলতা আর লাখো ভক্তের আশার প্রতীক।
লোপেস অবশ্য চিঠিতে বিনয়ের সঙ্গেই জানিয়েছেন, দলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা তার উদ্দেশ্য নয়। কিন্তু তিনি মনে করেন, নেইমারকে দলে চাওয়াটা কোটি কোটি ব্রাজিলিয়ানের প্রাণের দাবি। নেইমার বর্তমানে খেলছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। কিন্তু ২০১৩ সালের সেই চনমনে নেইমার আর ২০২৬-এর নেইমারের মধ্যে বিস্তর ফারাক। ২০২৩ সালের অক্টোবরে বাঁ হাঁটুর সেই মারাত্মক চোটের পর থেকে জাতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যায়নি। নেইমার অবশ্য বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা করে নেওয়ার পথে এক ধাপ এগিয়েছেন। বিশ্বকাপের জন্য ব্রাজিলের ৫৫ জনের প্রাথমিক দলে কোচ কার্লো আনচেলত্তি তাকে অন্তর্ভুক্ত করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। সান্তোসের জার্সিতে সর্বশেষ দু্ই ম্যাচে গোলও পেয়েছেন ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার।

গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ‘ব্রাজিল ২৪৭’ ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নেইমারের জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা নিয়ে আনচেলত্তির সঙ্গে তাঁর কথা হয়েছে। লুলা তখন বলেছিলেন, ‘আমার আনচেলত্তির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তখন আনচেলত্তিই আমাকে জিজ্ঞাসা করেন, “আপনার কি মনে হয় নেইমারকে দলে ডাকা উচিত?” আমি বললাম, দেখুন, সে যদি শারীরিকভাবে ফিট থাকে, তার সামর্থ্য তো অবশ্যই আছে।’
চোট ও ফিটনেস সমস্যায় দুই বছরের বেশি সময় ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে ৩৪ বছর বয়সী নেইমার। সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে। আনচেলত্তি একাধিকবার বলেছেন, ফিট থাকলে নেইমার বিশ্বকাপ দলে ডাক পাবেন।
সর্বশেষ ২০০২ বিশ্বকাপে শিরোপার সাধ পেয়েছিল ব্রাজিল। এ শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন রোনাল্ডো-রোনালদিনহো। এরপর পেরিয়ে গেছে দুই যুগ। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনাল খেললেও সেলেসাওদের শিরোপার আক্ষেপ মেটেনি।
টিজে/টিএ