হাতে ৭০ ওভার পেলেও জয়ের লক্ষ্যে খেলবে পাকিস্তান: সালমান আগা
ছবি: সংগৃহীত
০৫:০৩ এএম | ১২ মে, ২০২৬
মিরপুর টেস্টের চতুর্থ দিনের শেষে সবচেয়ে এগিয়ে রাখায় যায় বৃষ্টিকেই। তৃতীয় দিনের পর চতুর্থ দিনেও বাগড়া দিয়েছে বৃষ্টি, যে কারণে ৫০ ওভারও খেলা হয়নি। দিনের শেষে বাংলাদেশ ১৭৯ রানের লিড নিলেও ম্যাচে নিরঙ্কুশভাবে এগিয়ে রাখা যাচ্ছে না, বরং ফল হিসেবে ড্রর পক্ষেই বাজি ধরা নিরাপদ মনে করছে অনেকেই।
মিরপুর টেস্টে ফলাফল পেতে পঞ্চম দিনে পতন ঘটাতে হবে ১৭ উইকেটের। কাজটা খুব কঠিন হলেও আশাবাদী পাকিস্তানের ব্যাটার সালমান আলী আগা। সোমবার (১১ মে) দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমকে এই পাকিস্তানি ব্যাটার জানান, পঞ্চম দিনে তার দল জয়ের জন্যই খেলবে।
চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছে। এতে তাদের লিড দাঁড়িয়েছে ১৭৯ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৮ এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ১৬ রানে অপরাজিত আছেন।
বৃষ্টি ও খারাপ আলোর কারণে চতুর্থ দিনের বেশিরভাগ সময় খেলা ব্যাহত হয়। দিনশেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ৩২ বছর বয়সী সালমান আগা বলেন, যদি বাংলাদেশ ৭০ ওভারে ২৬০ এর আশেপাশে জয়ের লক্ষ্য দেয়, তাহলে পাকিস্তান অবশ্যই রান তাড়া করবে।
তার ভাষায়, 'এই মুহূর্তে বলা কঠিন কারা এগিয়ে আছে। আমার মনে হয় কাল টেস্ট ক্রিকেটের দারুণ একটি দিন হবে। আমরা যত দ্রুত সম্ভব তাদের অলআউট করতে চাই, এটাই আমাদের পরিকল্পনা।'

তিনি আরও বলেন, 'ওরা যদি ৭০ ওভার এবং ২৬০ রানের লক্ষ্য দেয়, আমরা নিশ্চিতভাবেই জয়ের জন্য খেলব। তবে আমার মনে হয় না তারা সেটা করবে।'
'যদি তারা আমাদের দুই সেশন সময় দেয় এবং লক্ষ্যটা ২৫০- এর আশেপাশে থাকে, তাহলে প্রথমে অবশ্যই আমরা রান তাড়া করার কথাই ভাবব। তারপর দেখব উইকেট কেমন আচরণ করছে। কিন্তু এখন আমাদের লক্ষ্য এই ম্যাচ জেতা'- সালমান আগা যোগ করেন।
পরে এই পাকিস্তানি তারকা নিজের মন্তব্য পরিষ্কার করেন। তিনি বলেন, তার বক্তব্যের অর্থ এই নয় যে বাংলাদেশ সাহসী নয়। বরং তাদের জন্য সবচেয়ে ভালো কৌশল হবে আগে পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেওয়া, তারপর লক্ষ্য নির্ধারণ করা।
তিনি বলেন, 'আমি এটা বলছি না যে তারা সাহসী নয়। আমি শুধু বলছি, তাদের জন্য সবচেয়ে ভালো হবে আগে আমাদের ম্যাচ থেকে বাইরে সরিয়ে দেওয়া, তারপর লক্ষ্য দেওয়া।'
তার শেষ কথা ছিল, 'কিন্তু যদি তারা ৭০ ওভার সময় দেয় এবং ২৬০ বা ২৭০ রানের লক্ষ্য দেয়, তাহলে আমরাও ম্যাচে থাকব। ব্যক্তিগতভাবে আমি চাই তারা এমন ঝুঁকি নিক। আমরা যদি ওই অবস্থায় থাকতাম, তাহলে প্রথমে প্রতিপক্ষকে ম্যাচের বাইরে সরিয়ে দিয়ে তারপর লক্ষ্য দিতাম। আমি সেটাই বোঝাতে চেয়েছি।'
এসকে/টিএ