সাবেক দলকে আপত্তিকর অঙ্গভঙ্গি, জরিমানা গুনলেন টিম ডেভিড
ছবি: সংগৃহীত
১০:৫২ পিএম | ১২ মে, ২০২৬
রায়পুরে গত রবিবার (১০ মে) রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে শেষ বলে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। এ হারে আইপিএলে প্লে-অফে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে মুম্বাই।
অবিশ্বাস্য এক জয়ের পর বেঙ্গালুরু দল আনন্দের আতিশয্যে ভেসে গেছে। অনুমতিভাবেই বিরাট কোহলি বুনো উদযাপনে মেতেছেন।
তবে উদযাপন করতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছেন টিম ডেভিড। বেঙ্গালুরুর জয়ের পর সাবেক দল মুম্বাইয়ের উদ্দেশে অশ্লীল ও আপত্তিকর অঙ্গভঙ্গি করেন অস্ট্রেলিয়ার এই হার্ড হিটার। এতে শাস্তি পেতে হয়েছে তাকে। ডেভিডের ম্যাচ ফির ৩০% কেটে নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
আচরণবিধি ভঙ্গের দায়ে তার নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে। আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই নিষিদ্ধ হবেন তিনি। ২০২১ সালের বেঙ্গালুরুর হয়েই আইপিএলে অভিষেক হয় ডেভিডের। ২০২২ থেকে ২০২৪ আসর পর্যন্ত খেলেন মুম্বাইয়ের হয়ে।
গত বছর তিনি আবারও বেঙ্গালুরুতে ফেরেন। আইপিএল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড় টিম ডেভিডকে আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে দুইটি ডিমেরিট পয়েন্ট। আইপিএলের আচরণবিধির ২.৬ ধারা ভঙ্গ করেছেন টিম ডেভিড। এই ধারাটি অশ্লীল, আপত্তিকর বা অবমাননাকর অঙ্গভঙ্গির সঙ্গে সম্পর্কিত।
টিম ডেভিড অভিযোগ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি অমিত শর্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।’ আগামী জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। দলটির টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন ডেভিড।
এবি/টিএ