আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড গড়া হায়দরাবাদ ‘সর্বনিম্ন’ রানে অলআউট
ছবি: সংগৃহীত
০৯:০৭ এএম | ১৩ মে, ২০২৬
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের তালিকায় প্রথম চারটি ইনিংস-ই সানরাইজার্স হায়দরাবাদের দখলে। ২০২৪ আসর থেকে তারা কতটা আগ্রাসী দল গড়ছে তা পরিসংখ্যানে চোখ রাখলেই টের পাওয়া যায়। দুই বছর আগে হায়দরাবাদের করা ২৮৭ আইপিএলে এখনও সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। এবার নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ল ফ্র্যাঞ্চাইজিটি। মাত্র ৮৬ রানে অলআউট হয়ে তারা গুজরাট টাইটান্সের কাছে ৮২ রানে হেরেছে।
আহমেদাবাদে গতকাল (মঙ্গলবার) আগে ব্যাট করতে নেমে শুভমান গিলের গুজরাট ৫ উইকেটে ১৬৮ রান তোলে। সেই রান তাড়ায় হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইনআপ হুড়মুড় করে ভেঙে পড়ে। আট নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক প্যাট কামিন্সের ৯ বলে ১৯ রানের ক্যামিও-ই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। বোঝাই যাচ্ছে হেড-অভিষেক-ইশান-ক্লাসেনদের নিয়ে গড়া লাইনআপ এদিন পুরোপুরি পথ হারিয়েছে।
এর আগে আইপিএলে হায়দরাবাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৯৬ রান। ২০১৯ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের রানতাড়ায় খেলতে গিয়ে তারা ওই বিপর্যয় দেখেছিল। সেটাই ছিল এতদিন ফ্র্যাঞ্চাইজিটির একমাত্র একশ’র নিচে গুটিয়ে যাওয়া ইনিংস। বর্তমান ব্যাটিং লাইনআপ নিয়েও এরচেয়ে কম রানে (৮৬) অলআউট হওয়ার বিষয়ে হয়তো কারও ভাবনাতেই ছিল না। নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার পাশাপাশি সর্বোচ্চ রানে (৮২) হারের রেকর্ডও গড়ল হায়দরাবাদ। এর আগে তাদের হারের সর্বোচ্চ ব্যবধান ছির ৮০ রান, ২০২৫ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এ ছাড়া গুজরাটও এদিন নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৮২ রানের ব্যবধানে জিতল।

হায়দরাবাদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৬৮ রান তোলার পর গুজরাট অধিনায়ক শুভমান গিল লক্ষ্যটা সহজ হবে না বলে জানিয়েছিলেন। তার মতে– আহমেদাবাদের এই পিচে রান করা কিছুটা কঠিন। এর আগে স্বাগতিক গুজরাটের শুরুটা ভালো হয়নি। ২৬ রানের মাথায় অধিনায়ক গিল (৫) এবং জস বাটলারের (৭) উইকেট হারায় তারা। ১৪ বলে ২২ রান করে আউট হয়েছেন নিশান্ত সিন্ধু। এরপর আরেক ওপেনার সাই সুদর্শন (৬১) এবং ওয়াশিংটন সুন্দর (৫০) ৬০ রানের জুটিতে গুজরাটকে ১৬৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন। হায়দরাবাদের হয়ে ২টি করে উইকেট নেন প্রফুল হিঞ্জ ও সাকিব হুসেইন।
লক্ষ্য তাড়ায় নেমে হায়দরাবাদের অস্ট্রেলিয়ান তারকা ট্রাভিস হেড রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। পরের ওভারে ৬ রানে ফিরলেন অভিষেকও। এরপর নিয়মিত বিরতিতে তাদের পথ ধরতে থাকেন অন্য ব্যাটররা। আট নম্বরে নামা কামিন্সের করা ১৯ রান সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। মাত্র ১৪.৫ ওভারেই ৮৬ রানে গুটিয়ে গেছে হায়দরাবাদের ইনিংস। গুজরাটের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও জেসন হোল্ডার।
আরআই/এসএন