© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দোয়া করতে বলেছিলাম যেন এক-দুই ঘণ্টা বৃষ্টি হয়: কামরান আকমল

শেয়ার করুন:
দোয়া করতে বলেছিলাম যেন এক-দুই ঘণ্টা বৃষ্টি হয়: কামরান আকমল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৫ এএম | ১৩ মে, ২০২৬
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক ১০৪ রানের জয়ের পর পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। সাবেক ক্রিকেটারদের অনেকেই দলের ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার কামরান আকমল।

নিজের ফেসবুক পেজে প্রকাশ করা এক ভিডিও বার্তায় আকমল বলেন, আগেই তিনি বুঝতে পেরেছিলেন যে চতুর্থ ইনিংসে ২৭০ রান তাড়া করা পাকিস্তানের জন্য কঠিন হয়ে যাবে। এমনকি ম্যাচ বাঁচাতে তিনি বৃষ্টির আশাও করেছিলেন বলে জানান। তার মতে, শেষ ইনিংসে দীর্ঘ সময় ব্যাট করে এমন লক্ষ্য ছোঁয়া মোটেও সহজ ছিল না।



তিনি বলেন, বড় রান তাড়া করার কথা শুধু তারাই বলতে পারে যারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। মাঠের পারফরম্যান্সই আসল চিত্র তুলে ধরে এবং পাকিস্তান দল একই ভুল বারবার করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের কাছে এই হারকে হতাশাজনক উল্লেখ করে আকমল বলেন, দলের খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ ও পরিকল্পনায় ঘাটতি ছিল স্পষ্ট। তার মতে, পাকিস্তান এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে প্রতিপক্ষ দলগুলোও তাদের দুর্বল মনে করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের বাড়াবাড়ি নিয়েও কটাক্ষ করেন তিনি। আকমল বলেন, ক্রিকেট অনলাইনে নয়, মাঠেই প্রমাণ করতে হয়। আর বাংলাদেশ সেটিই করে দেখিয়েছে।

শুধু খেলোয়াড় নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনাকেও দায়ী করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটের মান ও খেলোয়াড় নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন না আনলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেন আকমল।

তবে সমালোচনার মাঝেও বাংলাদেশের প্রশংসা করতে ভোলেননি তিনি। বিশেষ করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব এবং নাহিদ রানার গতিময় বোলিংয়ের প্রশংসা করে আকমল বলেন, বর্তমান বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে।

আরআই/এসএন

মন্তব্য করুন