© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোহনবাগানের কিংবদন্তি সভাপতি টুটু বসু আর নেই

শেয়ার করুন:
মোহনবাগানের কিংবদন্তি সভাপতি টুটু বসু আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৫ পিএম | ১৩ মে, ২০২৬
ভারতের মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সাবেক সভাপতি ও ভারতের সাবেক রাজ্যসভার সদস্য স্বপন সাধন বসু আর নেই। ‘টুটু বসু’ নামেই বেশি পরিচিত এই ক্রীড়া সংগঠক মঙ্গলবার কলকাতায় মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

টুটু বসুর নাতি অরিঞ্জয় বসু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি লিখেছেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, টুটু বসু আর আমাদের মাঝে নেই। তিনি ছিলেন সেরা বাবা, সেরা দাদু, একজন অসাধারণ সংগঠক এবং আমাদের সবার সবচেয়ে বড় ভরসার জায়গা।’

১৯৪৮ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের হাওড়ায় জন্ম নেওয়া টুটু বসু ১৯৮৯-৯০ মৌসুমে প্রথম মোহনবাগানের সঙ্গে যুক্ত হন। এরপর দীর্ঘ তিন দশকের বেশি সময় ক্লাবটির বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন।
চলতি বছরের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে মোহনবাগানের সব পদ থেকে অবসর নেন তিনি।

টুটু বসুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।

এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘মোহনবাগান রত্ন স্বপন সাধন বসুর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ক্লাবের প্রতি তার অবদান, নিষ্ঠা ও আজীবন সেবা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’



মোহনবাগান সুপার জায়ান্টের এক্স অ্যাকাউন্ট থেকেও তাকে শ্রদ্ধা জানানো হয়েছে।

সেখানে লেখা হয়, ‘আপনার উত্তরাধিকার চিরকাল মোহনবাগানের অংশ হয়ে থাকবে। শান্তিতে থাকুন, টুটু বসু।’

১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ক্লাবের সম্পাদক ছিলেন টুটু বসু। এরপর তিনি সভাপতির দায়িত্ব নেন এবং ২০১৭ সাল পর্যন্ত সেই পদে ছিলেন। পরে শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়ান।

তার সময়েই মোহনবাগানে যোগ দেন ভারতের কিংবদন্তি ফুটবলার আই এম বিজয়ন। ১৯৯১ সালে কেরালা পুলিশ থেকে তাকে দলে ভেড়ানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল টুটু বসুর।

একই বছরে নাইজেরিয়ান ফুটবলার চিমা ওকোরিকেও দলে আনে মোহনবাগান। ক্লাবটির ইতিহাসে প্রথম বিদেশি ফুটবলার ছিলেন তিনি।

২০১৭ সালের পর ক্লাব চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন টুটু বসু। মোহনবাগানের ফুটবল বিভাগে আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপকে আনার ক্ষেত্রেও তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। ২০২২ সালের মে মাসে আবারও মোহনবাগানের সভাপতি নির্বাচিত হন তিনি।

ক্রীড়াঙ্গনের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন টুটু বসু। ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ভারতের রাজ্যসভার সদস্য ছিলেন। তৃণমূল কংগ্রেসের মনোনয়নে উচ্চকক্ষে গিয়েছিলেন তিনি। 

এসকে/টিকে

মন্তব্য করুন