জাজিরায় ‘জয় বাংলা’ স্লোগানে কৃষকের ধান কাটলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত
১১:১৩ পিএম | ১৩ মে, ২০২৬
শরীয়তপুরের জাজিরা উপজেলা এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে এক কৃষকের পাকা ধান কেটে দেয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জাজিরা উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াসিম মোড়লের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক বাংলাদেশের জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা হাতে নিয়ে ধানক্ষেতে প্রবেশ করেন। এসময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কৃষকের পাকা ধান কাটতে থাকেন।
ভিডিওতে আরও দেখা যায়, উপস্থিত কয়েকজন যুবক দাবি করেন- ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে তারা এ কার্যক্রম পরিচালনা করছেন।
এসময় ওই কৃষককে তাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করতেও দেখা যায়।
ভিডিওর এক পর্যায়ে কৃষক বলেন, ‘ছাত্রলীগের পক্ষ থেকে এসে তারা আমার ধান কেটে দিচ্ছে, এজন্য আমি অনেক খুশি।’ পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতেও শোনা যায় তাকে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে কৃষকের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রকাশ্য কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ‘বিষয়টি এখনও আমাদের নজরে আনুষ্ঠানিকভাবে আসেনি। ভিডিওটি আগেরও হতে পারে। আমরা ভিডিওটি যাচাই-বাছাই করে দেখছি। যদি ঘটনাটি আমাদের থানার আওতাধীন এলাকায় ঘটে থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে ভিডিওটির সত্যতা, সময় ও স্থান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অনুসন্ধান চলছে বলে জানা গেছে।
টিজে/টিএ