ম্যাচের ৪৮ ঘণ্টা আগে কোচ ঠিক করার পরিস্থিতিতে আছি: নান্নু
ছবি: সংগৃহীত
০৩:১৪ পিএম | ১৪ মে, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, প্রথম শ্রেণির ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক ও মানসম্মত করতে গত কয়েক বছরে নেওয়া হয়েছে বেশ কিছু বাস্তবধর্মী উদ্যোগ। এতে করে পেসাররা ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে বলেও মনে করেন তিনি। সম্প্রতি এমন কথাই বলেন সাবেক এ অধিনায়ক।
ঘরোয়া ক্রিকেটের নানা সংকট ও সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা আলোচনা-সমালোচনার গুঞ্জন ওঠে। সে সম্পর্কে তিনি বলেন, আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করার জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করেছি। মাঠ ও পিচে নির্দিষ্ট মাত্রায় ঘাস রাখার পাশাপাশি বলের ধরনেও পরিবর্তন আনা হয়েছে।
কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, এখনো অনেক ক্ষেত্রে পরিকল্পনার ঘাটতি রয়েছে। আমরা এখনো ম্যাচের মাত্র ৪৮ ঘণ্টা আগে কোচ ঠিক করার মতো পরিস্থিতিতে আছি। এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলেও জানান সাবেক এ অধিনায়ক।
তিনি বলেন, আগে যেখানে কোকাবুরা বল ব্যবহার করা হতো, সেখানে এখন চালু করা হয়েছে ডিউক বল। মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ডিউক বল তুলনামূলক বেশি সুইং করে। এতে ব্যাটারদের টেকনিক ও দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হয়। একই সঙ্গে ফাস্ট বোলাররাও ম্যাচের শেষ দিক পর্যন্ত কার্যকর থাকতে পারছে, যা সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারণ।
তিনি বলেন, এই পরিবর্তনের ফলে দেশের পেসারদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে। ফাস্ট বোলারদের এখন সারাদিন বোলিং করার পরও শেষ বিকালে আত্মবিশ্বাস নিয়ে বল করার মানসিকতা তৈরি হয়েছে বলেও মনে করেন মিনহাজুল আবেদীন নান্নু।
কেএন/এসএন