© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বরেকর্ড গড়ে কোহলি বললেন, ‘রেকর্ডের জন্য খেলি না’

শেয়ার করুন:
বিশ্বরেকর্ড গড়ে কোহলি বললেন, ‘রেকর্ডের জন্য খেলি না’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৬ পিএম | ১৪ মে, ২০২৬
ক্যারিয়ারের সায়াহ্নে এসেও প্রমাণ করছেন কেন তাকে বলা হয় ‘চেজমাস্টার’। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গতকাল সেঞ্চুরি করে আরো একবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের নায়ক বিরাট কোহলি। এই ম্যাচে বেশ কিছু রেকর্ডও গড়েছেন তিনি। তবে ম্যাচ শেষে জানালেন, রেকর্ড নিয়ে আর ভাবেন না এই অভিজ্ঞ ব্যাটার।

কোহলি বলেন, 'আর রেকর্ড নিয়ে ভাবি না। শুধু ব্যাটিং করতে ভালোবাসি। এই পর্যায়ে খেলা গর্বের। বিশ্বের সেরাদের বিপক্ষে মাঠে নামছি। সারা জীবন এটাই করেছি। ক্রিকেটকে ভালোবেসেছি। সেই ভালবাসা থেকেই এখনও লড়ছি। এখন ব্যাট করাই আমার লক্ষ্য। যত দিন পারব, ব্যাট করব।'

৩৭ বছর বয়সি কোহলি জানান, ক্যারিয়ারের শেষ দিকে আছেন তিনি। তাই যতটা সম্ভব উপভোগ করতে চান। কোহলি বলেন, 'নিজের মনপ্রাণ দিয়ে খেলছি। ব্যাট করতে নামি, বা ফিল্ডিং করি, নিজের ১০০ শতাংশ দিচ্ছি।জানি, এক দিন সব শেষ হয়ে যাবে। তাই প্রতিটা দিন কাজে লাগাতে চাই। নিজেকে উপভোগ করতে চাই।'



গত দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। তাই এই ম্যাচে প্রথম রান নিয়েই উল্লাস করেন তিনি। তার কারণও জানিয়েছেন কোহলি, 'পেছনে ফিরে তাকালে বোঝা যাবে, ব্যর্থতারও গুরুত্ব রয়েছে। ব্যর্থতার কারণেই সবাই সাফল্যের জন্য আরও বেশি পরিশ্রম করে। ব্যর্থতার জন্যই সাফল্য উপভোগ করা যায়। চাপের মধ্যে খেলতে আমার বরাবর ভালো লাগে। চাপের মধ্যেই আমার সেরাটা বেরিয়ে আসে। এই ম্যাচেও শুরুতে চাপে ছিলাম। তাই প্রথম রান নিয়ে এতটা অনন্দ পেয়েছিলাম। ধীরে ধীরে চাপ কেটে গেছে।'

গতকালের ম্যাচে একাধিক রেকর্ড গড়েন কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪,০০০ রানের মালিক হয়েছেন কোহলি। মাত্র ৪০৯ ইনিংসে এই রান করেছেন তিনি। যা ইনিংসের হিসেবে বিশ্ব ক্রিকেটে দ্রুততম ১৪,০০০ রানের রেকর্ড। টি-টোয়েন্টিতে গতকাল নিজের দশম শতরান করেছেন কোহলি। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক।

আইপিএলে সবচেয়ে বেশি ৯টি শতরানের রেকর্ডও এখন কোহলির। গতকাল আইপিএলে নিজের ২৭৯তম ম্যাচ খেলতে নেমেছিলেন কোহলি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন এই ব্যাটার। ছাপিয়ে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মাকে।

এমআই/এসএন  

মন্তব্য করুন