বিশ্বকাপকে সামনে রেখে দর্শকদের ১৮ লাখ টাকা মওকুফ করছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
০৬:৪৬ পিএম | ১৪ মে, ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিদেশি দর্শকদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ওপর আরোপিত সর্বোচ্চ ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত সাময়িকভাবে মওকুফ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ লাখ ৪১ হাজার টাকা।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া তথ্য অনুযায়ী, এই সুবিধা পাবেন শুধু সেইসব বিদেশি নাগরিক, যারা ২০২৬ ফুটবল বিশ্বকাপের বৈধ টিকিটধারী এবং ফিফার বিশেষ ‘ফিফা পাস’ ব্যবস্থায় অংশ নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার বলেন, যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বড় ও সেরা ফিফা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। যারা বিশ্বকাপের টিকিট কিনেছেন এবং ১৫ এপ্রিল থেকে চালু হওয়া ফিফা পাস ব্যবস্থায় অংশ নিয়েছেন, তাদের জন্য ভিসা বন্ড মওকুফ করা হচ্ছে।
গত বছর অভিবাসন নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র কিছু দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক করেছিল। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, এসব দেশের অনেক নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করেন, যা নিরাপত্তা উদ্বেগ তৈরি করে।
বর্তমানে প্রায় ৫০টি দেশের নাগরিকদের এই বন্ড দিতে হয়। এর মধ্যে রয়েছে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল, তিউনিসিয়া যেসব দেশ ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই পাঁচ দেশের যেসব নাগরিক ফিফা থেকে বিশ্বকাপের টিকিট কিনেছেন, তারা ভিসা বন্ড থেকে রেহাই পেতে যাচ্ছেন।
২০২৬ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। যৌথভাবে আসরটি আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। এরই মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিল বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে।
এবি/টিএ
এবি/টিএ