© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের ‘এ’ দলে সূর্যবংশী

শেয়ার করুন:
ভারতের ‘এ’ দলে সূর্যবংশী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৪ পিএম | ১৪ মে, ২০২৬
ভারতের ‘এ’ দলে ডাক পেয়েছেন বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। অন্তত এটা তো হওয়ারই কথা, নাকি! বয়সভিত্তিক ক্রিকেট তো বটেই, আইপিএলেও বাঘা বাঘাদের পাড়ার বোলার বানিয়ে দিচ্ছেন তিনি। এতই নৈপুণ্য দেখাচ্ছেন যে, প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন ওয়ানডের মতো করে, ওয়ানডে টি-টোয়েন্টির মতো।

সূর্যবংশী গত আইপিএলে চমক দেখিয়েছিলেন দুই ম্যাচের মধ্যেই। তার তাণ্ডবলীলাকে এখন আর চমক বলার সুযোগ নেই, মোটামুটি ধারাবাহিক ফর্মেই আছেন। তার পারফরম্যান্স যে দুর্ঘটনাবশত নয়, সেটার প্রমাণ মিলে জাসপ্রিত বুমরাহর মতো বিশ্বমানের বোলারকেও তার ছয় মারার ঘটনায়। জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমাররাও তার কাছে নাকানি-চুবানি খেয়েছেন।

সূর্যবংশী এবারের আইপিএলে রান করেছেন ৪৪০। এই পথে ছক্কায় সূর্যবংশীই লিড দিচ্ছেন। মোট ৪০টি ছক্কা মেরেছেন তিনি। ৩৭ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা, ৩৩ ছক্কা মুম্বাই ইন্ডিয়ান্সের রায়ান রিকেলটনের।
দারুণ এই ফর্মের ধারাবাহিকতায় সূর্যবংশীর ত্রিদেশীয় সিরিজের ‘এ’ দলে ডাক পাওয়া। ৯ জুন থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে ফরম্যাটের ওই সিরিজের বাকি দুদল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সিরিজ হবে শ্রীলঙ্কার মাটিতে।

এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন মুম্বাই ইন্ডিয়ান্সের তিলক বার্মা। দলের সহ-অধিনায়ক করা হয়েছে রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন রিয়ান পরাগকে। উইকেটকিপার হিসেবে দলে আছেন প্রবসিমরান সিং ও কুমার কুশাগ্রা। সিংয়ের পাঞ্জাব কিংস সতীর্থ প্রিয়াংশ আরিয়াও রয়েছেন ভারতের এই দলে।

ভারত ‘এ’ দলের স্কোয়াড:
তিলক বার্মা (অধিনায়ক), প্রিয়াংশ আরিয়া, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, হার্শ দুবে, সূর্যাংশ শেজ, প্রবসিমরান সিং (উইকেটকিপার), কুমার কুশাগ্রা (উইকেটকিপার), বিপরাজ নিগাম, যশ ঠাকুর, যুধবীর সিং, অংশুল কাম্বোজ ও আরশাদ খান।

এবি/টিএ

মন্তব্য করুন