© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার নতুন ভূমিকায় মাহমুদউল্লাহ

শেয়ার করুন:
আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার নতুন ভূমিকায় মাহমুদউল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৮ এএম | ১৫ মে, ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে মাঠের ক্রিকেটের পাশাপাশি এবার নতুন ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও বোর্ডের সঙ্গে মাহমুদউল্লাহর আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী যুব বিশ্বকাপ পর্যন্ত যুব দলের সঙ্গে কাজ করবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

সম্প্রতি কোচিংয়ে যুক্ত হওয়ার ইঙ্গিতও দিয়েছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় তিনি ‘লেভেল থ্রি’ কোচিং কোর্স সম্পন্ন করেছেন। যদিও যুব দলে তার ভূমিকা মূলত কোচ হিসেবে নয়, বরং মেন্টর হিসেবে। তরুণ ক্রিকেটারদের মাঠের ক্রিকেটের পাশাপাশি ব্যক্তিগত জীবন, মানসিক প্রস্তুতি ও পেশাদারিত্ব নিয়ে দিকনির্দেশনা দেবেন তিনি।



বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ। জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পর এখন মূলত ঢাকা লিগ ও বিপিএলেই দেখা যায় তাকে।

বাংলাদেশের জার্সিতে দীর্ঘ ক্যারিয়ারে ৪০ বছর বয়সী এই ক্রিকেটার খেলেছেন ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে ও ১৪১টি টি-টোয়েন্টি ম্যাচ। এছাড়া জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ৬টি টেস্ট ও ৪৩টি টি-টোয়েন্টিতে।

টিজে/টিএ 

মন্তব্য করুন