© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির দুর্দান্ত জয়

শেয়ার করুন:
মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির দুর্দান্ত জয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫০ এএম | ১৫ মে, ২০২৬

রোমাঞ্চে ভরা এক ম্যাচে সিনসিনাটিকে ৫-৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। আর এই জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি। জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন মহাতারকা।


ম্যাচের ২৪ মিনিটে কিছুটা ভাগ্যের সহায়তায় প্রথম গোলটি করেন মেসি। প্রতিপক্ষ ডিফেন্ডারের ক্লিয়ারেন্স তার গায়ে লেগে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ায়। এরপর ম্যাচে আসে একের পর এক নাটকীয়তা।



প্রথমার্ধে পেনাল্টি থেকে সমতা ফেরায় সিনসিনাটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়েও যায় তারা। তবে ৫৫ মিনিটে নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করে ইন্টার মায়ামিকে আবার ম্যাচে ফেরান মেসি। পরে তার পাস থেকে গোল করেন মাতেও সিলভেত্তি।

শেষদিকে মেসির ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন জার্মান বেরতেরামে। আর ম্যাচের একদম শেষ মুহূর্তে মেসির শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে লেগে জালে ঢুকে গেলে ৫-৩ গোলের জয় নিশ্চিত হয় মায়ামির।

এই ম্যাচের পর চলতি মেজর লিগ সকারের মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১-তে। সঙ্গে আছে ৪টি অ্যাসিস্ট। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১৫ অবদানে লিগে সবার ওপরে এখন তিনিই।

এই ম্যাচের পর ক্যারিয়ারে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১০-এ। অর্থাৎ ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে তিনি এখন মাত্র ৯০ গোল দূরে। ম্যাচ শেষে ব্যক্তিগত রেকর্ড নিয়ে প্রশ্ন করা হলে বরাবরের মতোই বিনয়ী ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তিনি বলেন, ‘রেকর্ড নিয়ে আমি খুব একটা ভাবি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলকে জিততে সাহায্য করা।’ পাশাপাশি, বিশ্বকাপের আগে মেসির এই দুর্দান্ত ফর্ম আর্জেন্টিনা সমর্থকদেরও বড় স্বস্তি দিচ্ছে।

আরআই/এসএন

মন্তব্য করুন