© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, ছিটকে যেতে পারে কোন তারকারা?

শেয়ার করুন:
পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, ছিটকে যেতে পারে কোন তারকারা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ পিএম | ১৫ মে, ২০২৬
আসন্ন ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন চুক্তির চক্রকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে আমূল পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার (১৫ মে) জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, খেলোয়াড়দের ফিটনেস এবং সাম্প্রতিক পারফরম্যান্সকে ভিত্তি করে এই নতুন তালিকা তৈরি করা হচ্ছে। যেখানে বেশ কয়েকজন ক্রিকেটারের ক্যাটাগরিতে পদোন্নতি বা অবনতি হতে পারে।

পিসিবি’র বর্তমান কেন্দ্রীয় চুক্তির আর্থিক মডেলের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হতে যাচ্ছে। ২০২৩ সালে সাবেক পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের মেয়াদে এই তিন বছর মেয়াদী আর্থিক কাঠামো প্রবর্তন করা হয়েছিল। বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত সেই পুরনো কাঠামোতেই সব চলছিল। তবে নতুন চুক্তিতে আর্থিক মডেলে বড় পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নাকভি নিজেই নেবেন বলে জানা গেছে।

সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, বেশ কয়েকজন অভিজ্ঞ ও পরিচিত ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তি থেকে ছিটকে যেতে পারেন। এর মধ্যে মোহাম্মদ নওয়াজ, আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হুসেন তালাত এবং খুশদিল শাহের মতো তারকা ক্রিকেটারেরা রয়েছেন। বোর্ডের প্রাথমিক আলোচনায় এই ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টির কথা উঠে এসেছে, যার ফলে তাদের চুক্তিতে বহাল থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।



গত বছর ৩০ জন ক্রিকেটার পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিল, যেখানে প্রথমবারের মতো ‘ক্যাটাগরি এ’-তে কোনো খেলোয়াড়কে রাখা হয়নি। তবে ২০২৪-২৫ মৌসুমের চুক্তিতে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা তরুণদের জায়গা দেয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে আজান ওয়াইস এবং আব্দুল্লাহ ফজল নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। পাশাপাশি বর্তমান চুক্তিতে থাকা অনেক খেলোয়াড়ের ক্যাটাগরি পরিবর্তন (প্রোমোশন বা ডিমোশন) হতে পারে।

পিসিবি’র এমন কঠোর অবস্থান পাকিস্তান ক্রিকেটে নতুন শৃঙ্খলা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসকে/এসএন

মন্তব্য করুন