জোকোভিচের রেকর্ড ভেঙে টেনিস কোর্টে এখন শুধুই ‘সিনার রাজত্ব’
ছবি: সংগৃহীত
০২:৪৯ পিএম | ১৫ মে, ২০২৬
টেনিস কোর্টে যেন অপ্রতিরোধ্য এক মহাকাব্য লিখছেন ইয়ানিক সিনার। সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচের দীর্ঘ দেড় দশকের এক অনন্য রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন এই ইতালিয়ান তারকা।
বৃহস্পতিবার (১৪ মে) ঘরের মাঠে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে রুশ তারকা আন্দ্রি রুভলেভকে সরাসরি সেটে হারিয়ে এটিপি মাস্টার্স-১০০০ টুর্নামেন্টে টানা জয়ের বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
এটিপি মাস্টার্স-১০০০ পর্যায়ে এতদিন টানা সর্বোচ্চ ৩১টি ম্যাচ জয়ের রেকর্ডটি ছিল জোকোভিচের দখলে, যা তিনি গড়েছিলেন ২০১১ সালে। রুভলেভকে ৬-২, ৬-৪ গেমে বিধ্বস্ত করার মাধ্যমে এখন টানা ৩২টি ম্যাচ জিতে সেই রেকর্ড এককভাবে নিজের নামে লিখিয়েছেন টেবিল টেনিস বিশ্বের বর্তমান এক নম্বর তারকা সিনার। ১৯৯০ সালে মাস্টার্স ফরম্যাট শুরু হওয়ার পর এটিই এখন পর্যন্ত দীর্ঘতম জয়ের ধারা।
শুধু জোকোভিচের বিশ্বরেকর্ডই নিজের করে নেননি সিনার, এই জয়ের মাধ্যমে তিনি স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদালের একটি বিশেষ কীর্তিতে ভাগ বসিয়েছেন। নাদালের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোনো এক মৌসুমে প্রথম পাঁচটি মাস্টার্স-১০০০ টুর্নামেন্টের সবকটিতেই সেমিফাইনালে খেলার রেকর্ড গড়লেন ২৪ বছর বয়সী এই তারকা। আরেকটি রেকর্ডে জোকোভিচকে ছোঁয়ার পথে এগিয়ে চলেছেন সিনার।

বর্তমানে সিনারের ঝুলিতে আছে আটটি মাস্টার্স শিরোপা। টেনিস ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ৯টি ভিন্ন ভিন্ন মাস্টার্স টুর্নামেন্ট জেতার ‘গোল্ডেন মাস্টার্স’ রেকর্ড আছে শুধু জোকোভিচের। শুক্রবারের ফাইনালে জিতলে সিনার তার নবম শিরোপা জিতে জোকোভিচের সেই অনন্য মাইলফলক স্পর্শ করার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাবেন।
উড়তে থাকা সিনারের পরবর্তী বড় লক্ষ্য ফরাসি ওপেন (রঁলা গ্যারো), যা শুরু হতে যাচ্ছে আগামী ২৪ মে। ইতোমধ্যে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয় করা সিনার যদি এবার লাল দুর্গের এই শিরোপাটি উঁচিয়ে ধরতে পারেন, তবে তার ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম’ পূর্ণ হবে। নিজের বর্তমান ফর্ম নিয়ে সিনার বলেন, 'আমি রেকর্ডের জন্য খেলি না, নিজের ইতিহাস লিখতে খেলি।'
তবে টেনিস বোদ্ধারা মনে করছেন, সিনারের এই ইতিহাসই টেনিস বিশ্বকে আরও অনেক নতুন রেকর্ডের সাক্ষী করবে।
এসকে/এসএন