বাবরকে আটকানোর প্ল্যান জানা আছে বাংলাদেশের
ছবি: সংগৃহীত
০৯:২৬ পিএম | ১৫ মে, ২০২৬
পাকিস্তানের তারকা বাবর আজম হাঁটুর ইনজুরিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলেননি। আগামীকাল (শনিবার) সিলেটে তাদের সিরিজ সমতায় ফেরানোর মিশনে তাকে খেলানোর কথা নিশ্চিত করেছেন কোচ সরফরাজ আহমেদ। পাকিস্তান তাদের তারকা ব্যাটারকে ফিরে পাচ্ছে, বাংলাদেশ কিন্তু চিন্তিত নয়। দলের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম বললেন, বাবরকে আটকানোর কৌশল তাদের জানা আছে।
পাকিস্তান সুপার লিগে দারুণ ফর্মে ছিলেন বাবর। পেশোয়ার জালমিকে শিরোপা জেতানো অধিনায়ক ব্যাট হাতে করেন পাঁচশর বেশি রান। সেই ফর্ম জাতীয় দলের জার্সিতেও ধরে রাখবেন এমন আশা সরফরাজের। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে বাবর আজমকে। টসের পর আমরা একাদশ ঘোষণা করব। পিএসএলে টেকনিক্যালি তাকে বেশ শক্তিশালী মনে হয়েছিল। মানসিকভাবেও সতেজ আছে সে। এটা দলের জন্য ইতিবাচক এবং আমরা তাকে পেয়ে আনন্দিত।’
লাল বলের ক্রিকেটে বাবরের বিরুদ্ধে সবশেষ দেখায় বেশ এগিয়ে ছিল বাংলাদেশ। চার ইনিংসে মাত্র ৬৪ রান করেন ৩১ বছর বয়সী ব্যাটার। পাকিস্তানের মাটিতে ২০২৪ সালের ওই সিরিজ ২-০ তে জিতেছিল বাংলাদেশ। তবে বাবরকে পেয়ে পাকিস্তান যে উজ্জীবিত থাকবে, সেটা স্বীকার করলেন মুশফিক।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মন্তব্য করলেন, ‘বাবরের মতো ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার থাকা মানে ওদের জন্য অবশ্যই বুস্ট আপ। আমরা যে দুটো টেস্ট পাকিস্তানে গিয়ে হারিয়েছি, সেখানেও সে ছিল। তাও হারিয়েছি। তাকে কীভাবে আটকাতে হবে, প্ল্যান আছে আমাদের। এক্সিকিউট করলে তাকেও চাপে ফেলতে পারব, দলকেও চাপে ফেলতে পারব।’
পাকিস্তান দল সব ফরম্যাটে পিছিয়ে থাকলেও এই ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মুশফিক, ‘পাকিস্তান দল স্ট্রাগল করছে, সব ফরম্যাটেই। এমন না তারা খারাপ খেলেছে দেখে আমরা জিতেছি। আমরা ওদের চেয়ে ধারাবাহিকভাবে ভালো খেলেছি বলে জিতেছি। আমাদের চেষ্টার কমতি থাকবে না। রেজাল্ট আনতে পারলে ভালো হবে। বড় চ্যালেঞ্জ, তবে আমরা সেদিকেই যাব।’
এবি/টিএ