© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন নয়ার

শেয়ার করুন:
বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন নয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৮ এএম | ১৬ মে, ২০২৬
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে আরও এক মৌসুম থাকছেন ম্যানুয়েল নয়ার। ক্লাবটির সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন জার্মানির অভিজ্ঞ এই গোলকিপার।

২০১১ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির ইতিহাসের অন্যতম নির্ভরতার নাম হয়ে উঠেছেন ম্যানুয়েল নয়ার। বায়ার্নের জার্সিতে এখন পর্যন্ত দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩৩টি শিরোপা জিতেছেন অভিজ্ঞ এই গোলরক্ষক। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯৭ ম্যাচ খেলেছেন তিনি, যার মধ্যে ২৬৯ ম্যাচে কোনো গোল হজম করেননি তিনি।

চলতি মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে ফাইনালের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে নয়ার ও বায়ার্নের। সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। তবে মৌসুম শেষ হওয়ার আগেই ঘরোয়া ডাবল জয়ের সুযোগ এখনও হাতছানি দিচ্ছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সামনে। আগামী ২৩ মে জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টের মুখোমুখি হবে বায়ার্ন।



একই সঙ্গে অভিজ্ঞ রিজার্ভ গোলরক্ষক সভেন উলরিখের সঙ্গেও আরও এক বছরের জন্য চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি।

দীর্ঘ সময় ধরে জার্মান ফুটবলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ম্যানুয়েল নয়ার। দেশের এক নম্বর গোলরক্ষক হিসেবে বহু বছর দায়িত্ব সামলানো এই তারকা ২০১৪ বিশ্বকাপ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আন্তর্জাতিক ক্যারিয়ারের দীর্ঘ অধ্যায়ের ইতি টানেন তিনি ২০২৪ ইউরোর পর।

তবে নয়ারকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে তার সম্ভাব্য আন্তর্জাতিক প্রত্যাবর্তন নিয়ে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে জার্মানি দলে এই অভিজ্ঞ গোলরক্ষকের ফেরার গুঞ্জন জোরালো হচ্ছে। আগামী সপ্তাহে দল ঘোষণা করবেন জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান। এরপরই পরিষ্কার হবে নয়ারের ভবিষ্যৎ নিয়ে সব জল্পনা।

এমআর/টিএ  

মন্তব্য করুন