© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘অনুশীলন না করেই’ এফএ কাপের ফাইনালে নামবে ম্যানসিটি!

শেয়ার করুন:
‘অনুশীলন না করেই’ এফএ কাপের ফাইনালে নামবে ম্যানসিটি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৫ এএম | ১৬ মে, ২০২৬
এফএ কাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে নামার আগে দুই দিন সময় পেয়েছে ম্যানচেস্টার সিটি। কোনো অনুশীলন না করে সময়টা বিশ্রাম নিয়ে কাটিয়েছে তারা। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই অল্প সময় প্রস্তুতির জন্য আদর্শ মনে করেন না পেপ গুয়ার্দিওলা। ঠাসা সূচি নিয়ে অভিযোগ থাকলেও, মাঠে নিজেদের সেরাটি দিয়ে সাফল্য পেতে আত্মবিশ্বাসী সিটি কোচ।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার প্রতিযোগিতাটির ফাইনালে চেলসির মুখোমুখি হবে সিটি। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে মাঠের লড়াই।

এফএ কাপের শিরোপার লড়াইয়ে নামার আগে সাত দিন সময় পেয়েছে চেলসি। সবশেষ তারা খেলেছে গত শনিবার, প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে। আর গত বুধবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সবশেষ ম্য্যাচ খেলেছে সিটি।



গুয়ার্দিওলা বললেন, প্রতিপক্ষের মতো সাত দিন সময় পেলে ভালো লাগত তার।

মৌসুমে দ্বিতীয় ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে খেলতে যাচ্ছে সিটি। গত মার্চে লিগ কাপের ফাইনালে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছিল তারা।

এমনটিতেই ঠাসা সূচি, তারওপর প্রতিযোগিতাগুলোর ফাইনালে খেললে ম্যাচের মাঝে সময় কম পাওয়াকে স্বাভাবিক হিসেবেই দেখছেন গুয়ার্দিওলা।

চেলসির বিপক্ষে মাঠে নামার আগের দিন বললেন, এমন সূচির সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া উপায় নেই তাদের।

“চেলসির মতো (প্রস্তুতির জন্য) সাত দিন সময় পেলে ভালো লাগত। তবে, কোনো দল লিগ কাপের ফাইনালে উঠলে এবং ঘরোয়া এই ট্রফিগুলোর একটি জিতলে, (ম্যাচের আগে) কম দিনই পাওয়া যায়। সূচিই এমন। অবশ্যই এটা আদর্শ নয়, তবে অতীতেও এমন পরিস্থিতিতে খেলেছি এবং আগামীকালও আমাদের সেটা করতে হবে। বড় ক্লাবগুলোর ক্ষেত্রে, প্রতিপক্ষের তুলনায় কঠিন পরিস্থিতিতে থাকলে বাড়তি কিছু করে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়।”

“ফাইনালের প্রস্তুতির জন্য এটা উপযুক্ত পরিস্থিতি নয়, কারণ ক্রিস্টাল প্যালেস ম্যাচের পর আমরা একদমই অনুশীলন করিনি। তবে দলের সামর্থ্যের ওপর আমার অগাধ আস্থা আছে এবং নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করব।”

ঘরোয়া ট্রেবল জয়ের হাতছানিও আছে দলটির সামনে। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে গুয়ার্দিওলার দল। এক নম্বর আর্সেনালের চেয়ে ২ পয়েন্ট কম তাদের।

লিগে ৩৬ রাউন্ড শেষে সিটির পয়েন্ট ৭৭। সমান ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট আর্সেনালের।

এমআর/টিএ  

মন্তব্য করুন