আর্শদীপের মন্তব্যে বিতর্কের ঝড়, আইপিএল থেকে নিষিদ্ধের দাবি
ছবি: সংগৃহীত
০৭:২৬ এএম | ১৬ মে, ২০২৬
মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটার তিলক ভার্মাকে নিয়ে আর্শদীপ সিংয়ের করা মন্তব্যকে ঘিরে গত কয়েক দিনে তোলপাড় ভারতীয় ক্রিকেট। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই বাঁহাতি পেসার। এরই জেরে আর্শদীপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন ভারতের সাবেক স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। খবর হিন্দুস্তান টাইমসের।
মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচের আগের দিন স্ন্যাপচ্যাটে পোস্ট করা একটি ভিডিওতে আর্শদীপ ক্যামেরা তিলকের দিকে ঘুরিয়ে বলেন, ‘ওই অন্ধেরে, সানস্ক্রিন লাগায়া?’ (এই কালো, সানস্ক্রিন লাগিয়েছ?)। এরপর তিনি তিলকের সতীর্থ নামান ধীরকে উদ্দেশ্য করে বলেন, ‘পাঞ্জাবের আসল নূর।’
ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই আর্শদীপের মন্তব্যকে ‘ক্যাজুয়াল রেসিজম’ বা বর্ণবাদী আচরণ হিসেবে আখ্যা দিচ্ছেন। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে শিবরামকৃষ্ণন বলেন, এমন মন্তব্যকে ড্রেসিংরুমের মজা হিসেবে উড়িয়ে দেয়ার কারণেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘কেউ আমাকে বিশ্বাস করেনি। সবাই আমাকে উপহাস করেছে, ট্রল করেছে। আর্শদীপকে এই মৌসুমের বাকি অংশের জন্য নিষিদ্ধ করা উচিত এবং তাকে প্রো-রাটা ভিত্তিতে পারিশ্রমিক দেয়া উচিত। খেলোয়াড়দের সেখানে আঘাত করা দরকার, যেখানে তা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। আমি জানি, এবারও আমাকে ট্রল করা হবে।’
আরেক পোস্টে তিনি বলেন, ‘যদি বিসিসিআই ব্যবস্থা নেয়, তাহলে যারা আমাকে বর্ণবাদী মন্তব্য করে অপমান করেছে, তাদের নামও আমি প্রকাশ করব।’
এদিকে মাঠের খেলায় মুম্বাই ইন্ডিয়ানস হারিয়ে দিয়েছে পাঞ্জাব কিংসকে। এই জয়ে বড় ভূমিকা রাখেন তিলক ভার্মা। বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে তিনি ৩৩ বলে অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাটিংয়ে ভর করে মুম্বাই পাঞ্জাবের দেয়া ২০১ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই এক বল বাকি থাকতে টপকে যায়।
টিজে/টিএ