© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানকে হোয়াইটওয়াশে চোখ টাইগারদের

শেয়ার করুন:
পাকিস্তানকে হোয়াইটওয়াশে চোখ টাইগারদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৯ এএম | ১৬ মে, ২০২৬
দুই ম্যাচের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় সিরিজ হার নিয়ে শঙ্কা নেই বাংলাদেশ দলের। স্বাগতিকদের সামনে এখন সম্ভাব্য দুটি সমীকরণ।

সিলেট টেস্ট জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করার হাতছানি যেমন আছে নাজমুল হোসেনদের, তেমনি ড্র করলেও সিরিজ জয় নিশ্চিত হবে তাঁদের। এমন সমীকরণ মেলাতে পারলে দারুণ কীর্তি গড়বে বাংলাদেশ। টেস্টে প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতবেন লাল-সবুজের প্রতিনিধিরা। সে লক্ষ্যেই আজ শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টে মাঠে নামবেন নাজমুলরা।

তবে পাকিস্তানের পাশাপাশি আরেকটি চ্যালেঞ্জও অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। বেশ কিছু দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে সিলেটে। গতকাল শুক্রবারও এর ব্যতিক্রম হয়নি। আজ এবং টেস্টের বাকি দিনগুলোতেও একই বাধায় পড়ার শঙ্কা আছে।

যদিও বৃষ্টির কারণে খেলা অমীমাংসিতভাবে শেষ হলে লাভটা স্বাগতিকদেরই বেশি। তবে মাঠের লড়াই জিতে ম্যাচ শেষ করতে চায় বাংলাদেশ। দলটির অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও সিলেটের আবহাওয়াকে বাড়তি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, ‘এখানে উইকেটের চেয়ে আবহাওয়া বড় চ্যালেঞ্জ। যদিও মিরপুরের মতোই ড্রেনেজ সিস্টেম যেহেতু ভালো, আবহাওয়া একটু ভালো হলে ফলাফল বের করা সম্ভব।’

এদিকে এই টেস্টের জন্য পেসারদের সহায়ক করেই সবুজ উইকেট প্রস্তুত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে উইকেটে যতই ঘাস থাকুক, ব্যাটাররাও সুবিধা পাবেন বলেই মনে করেন মুশফিক, ‘সিলেটে বরাবরই খুব সুন্দর ব্যাটিং উইকেট থাকে। হয়তো শুরুতে বোলারদের একটু সহায়তা থাকবে। আবহাওয়ার কারণে উইকেটে হালকা ময়েশ্চার থাকতে পারে। তবে সব মিলিয়ে সিলেটে ব্যাট করতে ভালো লাগে।’



প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি ভাবছে না স্বাগতিকরা। নিজেদের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে চায় বাংলাদেশ। চোটের কারণে মিরপুরে না খেলা সফরকারী দলের অভিজ্ঞ ব্যাটার বাবর আজমের আজ একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত। প্রতিপক্ষ দলে এমন একজন বিশ্বমানের ব্যাটার থাকলেও বাড়তি চিন্তার কারণ দেখছেন না মুশফিক, ‘সর্বশেষ আমরা যখন পাকিস্তানে গিয়ে দুটি ম্যাচে ওদের হারাই, তখনো সে দুটি টেস্টই খেলেছে। তার পরও তারা আমাদের কাছে হেরেছিল।’

বাবরকে আটকানোর কৌশল জানা আছে বলেও দাবি বাংলাদেশি ব্যাটারের, ‘আমরা জানি, কোথায় তাকে আক্রমণ করতে হবে বা কী করতে হবে। সব পরিকল্পনা আছে। আমরা যদি সেগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে আশা করি তাকে এবং পুরো দলকে চাপে রাখতে পারব।’

বাংলাদেশ একাদশেও পরিবর্তন নিশ্চিত। চোটে পড়ে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে আজ তানজিদ হাসানের টেস্ট অভিষেক হতে পারে। আরেক ওপেনার মাহমুদুল হাসান আঙুলের চোটে ভুগছেন। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে অমিত হাসানেরও অভিষেক হতে পারে।

টিজে/টিএ 

মন্তব্য করুন