© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মরিনিয়োই হচ্ছেন রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ

শেয়ার করুন:
মরিনিয়োই হচ্ছেন রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৮ এএম | ১৬ মে, ২০২৬
জোসে মরিনিয়োর রিয়াল মাদ্রিদে প্রত্যাবর্তন এখন শুধুই সময়ের ব্যাপার। লস ব্লাঙ্কোসের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এখন একমাত্র প্রার্থী এই পর্তুগিজ কোচ। সবকিছু ঠিক থাকলে, খুব শিগগিরই মাদ্রিদের ডাগআউটে দেখা যাবে মরিনিয়োকেই। এমন খবরই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

বর্তমান পরিস্থিতিতে বড় কোনো নাটকীয় পরিবর্তন না ঘটলে মরিনিয়ো আলভারো আরবেলোয়ার স্থলাভিষিক্ত হবেন। এর ফলে মাত্র এক বছরের মধ্যে আনচেলত্তি, জাবি আলোনসো ও আরবেলোয়ার পর রিয়াল মাদ্রিদের চতুর্থ কোচ হবেন মরিনিয়ো।

মার্কা জানিয়েছে, মরিনিয়োকে বেছে নেওয়াই এখন সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত বলে মনে করছে ক্লাবটি। কিছুদিন আগেও মাউরিসিও পচেত্তিনো কিংবা দিদিয়ের দেশামের নাম আলোচনায় ছিল। তবে সাম্প্রতিক কালে অঔরেলিয়ে চুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দের সংঘর্ষ, এবং গত বৃহস্পতিবার (১৪ মে) ওভিয়েদোর বিপক্ষে ম্যাচের পর এমবাপ্পের আরবেলোয়ার বিরুদ্ধে বিস্ফোরক প্রতিক্রিয়া; সব মিলিয়ে ক্লাব মনে করছে ড্রেসিংরুমে শৃঙ্খলা ফেরানোর জন্য মরিনিয়োর মতো কঠোর ব্যক্তিত্বই সবচেয়ে উপযুক্ত।



গত মঙ্গলবার (১২ মে) ফ্লোরেন্তিনো পেরেজের উত্তপ্ত সংবাদ সম্মেলনের পর শুরু হওয়া নির্বাচনী প্রক্রিয়াও মরিনিয়োর আগমনে কোনো বাধা হবে না। ধারণা করা হচ্ছে, ২৩ মে মৌসুম শেষ হওয়ার পরই তার বার্নাব্যুতে ফেরার ঘোষণা আসতে পারে। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী সময়েও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারে।

গত বুধবার (১৩ মে) পেরেজ নিজেই পরোক্ষভাবে মরিনিয়োর প্রত্যাবর্তনের ইঙ্গিত দেন। তিনি বলেন, 'তিনি আগেও এখানে ছিলেন এবং আমাদের মান অনেক বাড়িয়েছিলেন।' এই পর্তুগিজের ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত সময়কে ক্লাবের পরবর্তী সাফল্যের ভিত্তি হিসেবে দেখা হয়। তার বিদায়ের পর ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে রিয়াল চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল।

এখন বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা। বেনফিকা থেকে মরিনিয়োর বিদায় ৩০ লাখ ইউরোর ক্ষতিপূরণ নিয়ে সমাধান করতে হবে, যদিও রিয়াল মাদ্রিদের কাছে এটিকে বড় কোনো জটিলতা মনে হচ্ছে না। পাশাপাশি দলবদল, খেলোয়াড় ছাঁটাই ও নতুন মুখ আনার ব্যাপারেও এই পর্তুগিজ কোচের মতামত গুরুত্বপূর্ণ হবে। সব মিলিয়ে ভালদেবেবাসে দীর্ঘ ও ব্যস্ত এক গ্রীষ্ম অপেক্ষা করছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন