© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতকে হারিয়ে ‘বিশ্বকাপ’ জিতল ব্রাজিল

শেয়ার করুন:
ভারতকে হারিয়ে ‘বিশ্বকাপ’ জিতল ব্রাজিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৮ এএম | ১৬ মে, ২০২৬

মেক্সিকোতে অনুষ্ঠিত ‘স্ট্রিট চাইল্ড বিশ্বকাপ ২০২৬’ টুর্নামেন্টে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। অন্যদিকে মেয়েদের কাপ বিভাগে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক মেক্সিকো। এছাড়া শিল্ড বিভাগে ছেলেদের মধ্যে ইন্দোনেশিয়া এবং মেয়েদের মধ্যে ব্রাজিল শিরোপা জিতে নেয়।


শনিবার (১৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানায় রয়টার্স।

ব্রাজিল দলের অধিনায়ক জোয়াও জেভি বলেন, ‘এটি আমাদের দীর্ঘ যাত্রার সফল সমাপ্তি। দুই বছর ধরে আমরা কঠোর অনুশীলন করেছি। ব্রাজিলের প্রতিনিধিত্ব করে দেশের বাইরে খেলতে পারা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

টুর্নামেন্টটি উপলক্ষে ফুটবল, সংগীত ও উৎসবের আমেজে মুখর ছিল মেক্সিকো। এবারের আসরে ব্রাজিলের ছেলেদের দল বাসে নেচে উদযাপন করেছে শিরোপা জয়, আর স্বাগতিক মেক্সিকোর মেয়েরা ঘরের মাঠে ট্রফি উঁচিয়ে উল্লাসে মাতেন।

বিশ্বের ২০টিরও বেশি দেশের ২৮টি দল নিয়ে আয়োজিত স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপের পঞ্চম আসর শুরু হয় ৬ মে। বৃহস্পতিবার মেক্সিকো সিটির বাইরে টেক্সকোকোতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল।



ফাইনালে বাড়তি আকর্ষণ যোগ করে আইরিশ রক ব্যান্ড ইউ২। ব্যান্ডটির ড্রামার ল্যারি মুলেন জুনিয়র ছেলেদের শিল্ড ফাইনালের আগে কয়েন টস করেন। এ ছাড়া বোনো, দ্য এজ এবং অ্যাডাম ক্লাইটন মাঠের পাশে দাঁড়িয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন।

স্ট্রিট চাইল্ড ইউনাইটেডের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জন রো বলেন, ‘এটি স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপের পঞ্চম আসর। পরিচয়, শিক্ষা, সহিংসতা থেকে সুরক্ষা এবং লিঙ্গসমতার মতো বিষয়ে তরুণদের কণ্ঠ বিশ্বব্যাপী তুলে ধরাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘যেখানে বিশ্বকাপ আয়োজন হয়, সেখানেই আমরা এই টুর্নামেন্ট আয়োজন করি। উদ্দেশ্য হলো বিশ্বের গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা, যাতে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের কণ্ঠ আরও জোরালোভাবে পৌঁছে যায়।’

মাঠের বাইরেও খেলোয়াড়রা বিভিন্ন কর্মশালায় অংশ নেয়, যেখানে পথশিশু ও ঝুঁকিপূর্ণ তরুণদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে শেষ হয়। সেখানে পরিবেশন করেন মার্কিন র‍্যাপার ও গায়ক পল রাসেল। খেলোয়াড়দের উচ্ছ্বাসের মধ্যেই শেষ হয় এবারের আয়োজন।

এসকে/টিএ

মন্তব্য করুন