© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের আগে ফ্রান্স তারকাকে কেড়ে নিল মরক্কো

শেয়ার করুন:
বিশ্বকাপের আগে ফ্রান্স তারকাকে কেড়ে নিল মরক্কো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৯ পিএম | ১৬ মে, ২০২৬
আইয়ুব বুয়াদ্দিকে দলে ভেড়ানো নিয়ে বেশ কিছুদিন ধরেই চাপা লড়াই চলছিল মরক্কো ও ফ্রান্সের মধ্যে। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জয় হয়েছে মরক্কোরই।

ফরাসি ক্লাব লিলের এই মিডফিল্ডারকে লিগ আঁ’র অন্যতম সেরা উদীয়মান প্রতিভা হিসেবে ধরা হয়। জন্ম ফ্রান্সে হলেও আন্তর্জাতিক ফুটবলে তিনি বেছে নিয়েছেন মরক্কোকেই।

শুক্রবার ফিফা আনুষ্ঠানিকভাবে বুয়াদ্দির খেলার জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন করেছে। ফলে এখন থেকে মরক্কোর হয়ে যেকোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে আর কোনো বাধা থাকছে না ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের।

রয়্যার মরোক্কান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস চেম্বার তাদের আবেদন গ্রহণ করেছে।

মরোক্কান বাবা-মায়ের সন্তান বুয়াদ্দি বয়সভিত্তিক পর্যায়ে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। এমনকি সবশেষ লুক্সেমবার্গের বিপক্ষে ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ বাছাই ম্যাচে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায়কও ছিলেন তিনি।



তবে সিনিয়র পর্যায়ে নিজের ভবিষ্যৎ মরক্কোর সঙ্গেই গড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ।

গত কয়েক মৌসুমে লিলের মূল একাদশে নিয়মিত মুখ হয়ে উঠেছেন বুয়াদ্দি। তিন মৌসুমে ৯০টির বেশি ম্যাচ খেলেছেন তিনি। ২০২৩ সালে মাত্র ১৬ বছর ৩ দিন বয়সে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় মাঠে নেমে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ডও গড়েছিলেন তিনি।

দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন ফুটবলারদের নিজেদের দলে টানার ক্ষেত্রে মরক্কোর সফলতার ইতিহাসও বেশ সমৃদ্ধ। এর আগে ইসা দিওপ ও রায়ান বুনিদার মতো খেলোয়াড়দেরও নিজেদের দলে এনেছে তারা।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে বিশ্বকাপ। প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মরক্কো এবার খেলবে ‘সি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল, হাইতি ও স্কটল্যান্ড।

টিজে/টিএ 

মন্তব্য করুন