© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাতাশার সঙ্গে বিচ্ছেদের দু’বছর পর ফের বিয়ের পিঁড়িতে হার্দিক!

শেয়ার করুন:
নাতাশার সঙ্গে বিচ্ছেদের দু’বছর পর ফের বিয়ের পিঁড়িতে হার্দিক!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৮ পিএম | ১৬ মে, ২০২৬
নাতাশা নাতাশা স্টানকোভিচের  সঙ্গে বিচ্ছেদের পর অনেকটাই বদলে গিয়েছিল হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন। একসময় যাঁদের সম্পর্ককে ঘিরে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস ছিল তুঙ্গে, সেই সম্পর্কই ভেঙে যাওয়ার পর দীর্ঘ সময় আলোচনার কেন্দ্রে ছিলেন ভারতীয় এই ক্রিকেটার। তবে সময়ের সঙ্গে নতুন করে জীবন গোছাতে শুরু করেছেন হার্দিক। আর এবার শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

বলিপাড়া ও ক্রিকেটমহলে এখন জোর গুঞ্জন, মাহিকা শর্মার সঙ্গে নিজের সম্পর্ককে পরিণতি দিতে প্রস্তুত হার্দিক। গত কয়েক মাস ধরেই তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। কখনও আইপিএলের গ্যালারিতে, কখনও আন্তর্জাতিক ম্যাচের সফরে, আবার কখনও ব্যক্তিগত মুহূর্তের ছবিতে। সামাজিক মাধ্যমেও একে অপরের সঙ্গে কাটানো সময়ের ঝলক ভাগ করে নিয়েছেন তাঁরা।



সবচেয়ে বেশি চর্চা হচ্ছে বিয়ের ভেন্যু নিয়ে। শোনা যাচ্ছে, উদয়পুরেই নাকি বিয়ের আয়োজন করতে চান হার্দিক। যে শহরে ২০২৩ সালে নাতাশার সঙ্গে জাঁকজমকপূর্ণভাবে দ্বিতীয় বার বিয়ে করেছিলেন তিনি, সেই শহরেই নাকি এবার মাহিকার সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ক্রিকেটার।

হার্দিক ও নাতাশার সম্পর্ক শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। ২০২০ সালে অতিমারির সময় ঘরোয়া পরিবেশে বিয়ে সারেন তাঁরা। পরে ছেলে অগস্ত্যের জন্ম হয়। এরপর উদয়পুরে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে আবারও ধুমধাম করে বিবাহ অনুষ্ঠান করেন দু’জনে। কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৪ সালে বিচ্ছেদের পথে হাঁটেন হার্দিক ও নাতাশা।

তারপর থেকেই ধীরে ধীরে মাহিকা শর্মার সঙ্গে হার্দিকের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। নেটদুনিয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় আরও একটি কারণে। অগস্ত্যের সঙ্গেও বেশ সহজ সম্পর্ক তৈরি হয়েছে মাহিকার। একাধিক বার খেলার মাঠে হার্দিকের ছেলের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরালও হয়েছে সামাজিক মাধ্যমে।

কয়েক মাস আগে গুজরাতে নতুন বাড়ি কিনেছেন হার্দিক। অনেকের মতে, সেটিও জীবনের নতুন অধ্যায়ের প্রস্তুতির অংশ। আর এখন শোনা যাচ্ছে, চলতি মাসের ২২ মে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সারতে পারেন হার্দিক ও মাহিকা।

যদিও এই নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি দু’জনের কেউই। তবু গুঞ্জন থামছে না। কেউ বলছেন, দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আবারও ব্যক্তিগত জীবনে সুখ খুঁজে পেয়েছেন হার্দিক। আবার কেউ মনে করছেন, এত দ্রুত নতুন সম্পর্কে জড়ানো নিয়ে প্রশ্ন থাকতেই পারে।

তবে সব আলোচনা-সমালোচনার মাঝেও আপাতত চুপ রয়েছেন হার্দিক ও মাহিকা। এখন দেখার, সত্যিই কি উদয়পুরে আবারও বাজতে চলেছে বিয়ের সানাই।

পিআর/টিকে


মন্তব্য করুন