আইপিএল ফাইনালে আমন্ত্রণ পেলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
০১:৪১ পিএম | ১৭ মে, ২০২৬
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিকে আইসিসি বোর্ড সভা ও আইপিএল ২০২৬ ফাইনালে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
এই মাসের শেষ দিকে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে আইসিসির বোর্ড সভা।
একই সময়ে ৩১ মে নরেন্দ্র মোদি অনুষ্ঠিত হবে আইপিএল ফাইনালও।
পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য ধারাবাহিক কয়েকটি সভা আয়োজন করতে যাচ্ছে আইসিসি। এর অংশ হিসেবে ২১ মে ভার্চুয়ালি হবে চিফ এক্সিকিউটিভস কমিটির সভা। এরপর ৩০ ও ৩১ মে আহমেদাবাদে হবে সরাসরি বোর্ড সভা।

সূত্রের বরাতে পাকিস্তানের জিও সুপার জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান নাকভিকে এই দুই আয়োজনেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তবে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপড়েনের কারণে তার সফর এখনো অনিশ্চিত।
জানা গেছে, নাকভি ইতোমধ্যে এই আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফর কাছে পাঠিয়েছেন। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, নাকভি ভারতে গিয়ে সভা ও আইপিএল ফাইনালে অংশ নেবেন কি না।
আইসিসির এই ত্রৈমাসিক সভা মূলত মার্চ-এপ্রিল মাসে কাতারের দোহায় হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতির কারণে পরে সেটি স্থগিত করা হয় এবং নতুন ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয় আহমেদাবাদকে।
টিজে/টিকে