© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানি সভ্যতার শক্তি ৪,৫০০ বছরের এই প্রাচীন বৃক্ষ: পেজেশকিয়ান

শেয়ার করুন:
ইরানি সভ্যতার শক্তি ৪,৫০০ বছরের এই প্রাচীন বৃক্ষ: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৮ এএম | ১৮ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক চাপ ও মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভিন্নধর্মী এক বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ৪,৫০০ বছরেরও বেশি পুরনো ‘আবারকুহ সাইপ্রেস’ বা ‘জোরোস্ট্রিয়ান সার্ভ’ গাছের একটি ছবি শেয়ার করে ইরানি সভ্যতার প্রাচীন ও গভীর শিকড়ের কথা তুলে ধরেন। খবর তাসনিম নিউজ এজেন্সি’র।

শনিবার (১৭) প্রকাশিত ওই বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান লেখেন, হাজার বছরের পুরোনো এই বৃক্ষ ইরানের সভ্যতার দৃঢ়তা ও ধারাবাহিকতার প্রতীক। এশিয়ার অন্যতম প্রাচীন জীবিত উদ্ভিদ হিসেবে পরিচিত এই ঐতিহাসিক ‘আবারকুহ সাইপ্রেস’ এমন এক অঞ্চলে অবস্থান করছে, যা প্রাচীনকাল থেকেই ইরান নামে পরিচিত।

বিশ্লেষকদের মতে, চলমান আন্তর্জাতিক পরিস্থিতি- বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও ইরানের ওপর নিষেধাজ্ঞার চাপের মধ্যেই এই প্রতীকী বার্তার মাধ্যমে তিনি ইরানের দীর্ঘ ইতিহাস ও অস্তিত্বকে সামনে এনেছেন। তাদের মতে, এর মাধ্যমে ইরানের অবস্থান ও টিকে থাকার সক্ষমতার বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

‘সার্ভ-ই আবারকুহ’ নামে পরিচিত এই পারস্য সাইপ্রেস গাছটি ইরানের আবারকুহ অঞ্চলে অবস্থিত। উদ্ভিদবিদদের ধারণা, এর বয়স প্রায় ৪,০০০ থেকে ৪,৫০০ বছর। এটিকে শুধু এশিয়ার নয়, বিশ্বের অন্যতম প্রাচীন জীবন্ত বৃক্ষ হিসেবেও বিবেচনা করা হয়।

প্রায় ২৫ মিটার উচ্চতার এই গাছটির কাণ্ডের পরিধি প্রায় ১১.৫ মিটার। হাজার বছরের পরিবর্তন ও সময়ের সাক্ষী হয়েও এটি আজও সবুজ ও জীবন্ত, যা অনেকের কাছে পারস্য সভ্যতার স্থায়িত্ব, শক্তি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে দেখা হয়।

এসকে/এসএন

মন্তব্য করুন