খেলতে গিয়ে গোড়ালির রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির
ছবি: সংগৃহীত
১১:৫৪ এএম | ২১ নভেম্বর, ২০২৬
সাংবাদিকদের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক ফুটবল ম্যাচ খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন (গোড়ালির পেছনে থাকা একটি মোটা ও শক্ত রগ) ছিঁড়ে গেছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। শুক্রবার (২০ নভেম্বর) তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
এই চোটের কারণে আগামী কয়েক সপ্তাহ তাকে মেডিক্যাল বুট পরে থাকতে হবে।
৩৫ বছর বয়সী মামদানি ক্র্যাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন। এ সময় এক সাংবাদিক তার আঘাতের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে খেলার সময় চোট পান।
চোট পাওয়ার কারণ হিসেবে খেলার আগে ওয়ার্মআপ না করার কথা উল্লেখ করেন মেয়র।
তিনি বলেন, ‘আমি স্ট্রেচিং করিনি।’ তবে ফুটবলপ্রেমী মামদানি আনন্দের সঙ্গে জানান যে, মাঠে নামার পরপরই তিনি একটি গোল করেছিলেন। রসিকতার সুরে তিনি যোগ করেন, ‘আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বয়স ৩৫।’ এ ছাড়া তিনি জানান, শেষ পর্যন্ত তার দল সাংবাদিকদের দলকে হারিয়ে জয় পেয়েছে।
ব্যস্ত সময়সূচির জন্য পরিচিত এই মেয়র জানান, আগামী ছয় থেকে আট সপ্তাহ তাকে মেডিকেল বুট পরে থাকতে হবে এবং আবার পুরোদমে মাঠে ফিরতে প্রায় ৯ মাস সময় লাগবে।
উল্লেখ্য, ম্যানহাটনের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি ইনডোর ফুটবল মাঠে মেয়রের দপ্তরের কর্মী এবং প্রায় ২৪ জন সাংবাদিকের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর মামদানি সেখানে পৌঁছান এবং মাঠে নামেন।
কেএন/