বিশ্বকাপে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা?
ছবি: সংগৃহীত
০২:৩৯ এএম | ১৮ মে, ২০২৬
দোরগোড়ায় 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত ফিফা বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞকে সামনে রেখে নিজেদের রণপরিকল্পনা সাজাতে ব্যস্ত দলগুলো। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তাদের মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনিও শিরোপা ধরে রাখার এক কঠিন মিশনে নামছেন।
প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ফুটবল বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আলবিসেলেস্তেদের সম্ভাব্য লাইন-আপ। চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে স্কালোনি তার দলকে চেনা ৪-৪-২ ফরমেশনে মাঠে নামাতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে।
সবকিছু ঠিক থাকলে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে দেখা যাবে ‘বাজপাখি’ খ্যাত এমিলিয়ানো মার্তিনেজকে। রক্ষণভাগ সামলানোর মূল দায়িত্বে থাকবেন লিসান্দ্রো মার্তিনেস ও ক্রিস্টিয়ান রোমেরো জুটি। তাদের দুই পাশে ফুল-ব্যাক হিসেবে লড়বেন নিকোলাস ট্যাগলিয়াফিকো এবং নাহুয়েল মলিনা।
মাঝমাঠে আর্জেন্টিনা দলের প্রধান ইঞ্জিন হিসেবে থাকবেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাদের সাথে মাঝমাঠের গতি বাড়াতে যোগ দিতে পারেন তরুণ মিডফিল্ডার জুলিয়ানো সিমিওনে।
আর আক্রমণভাগের গুরুদায়িত্ব থাকবে বরাবরের মতোই দলের প্রাণভোমরা লিওনেল মেসির কাঁধে। স্কালোনির ছকে মেসি ডানপ্রান্ত থেকে আক্রমণ শাণাবেন, আর তার সঙ্গী হিসেবে বাঁ-প্রান্তে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে গুঁড়িয়ে দিতে প্রস্তুত থাকবেন গতিময় ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ-
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ
ডিফেন্ডার : লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ট্যাগলিয়াফিকো ও নাহুয়েল মলিনা
মিডফিল্ডার : জুলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার
ফরোয়ার্ড : লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ