বাংলাদেশে অস্ট্রেলিয়ার সফরসকাল ১১টায় ওয়ানডে, দুপুর ২টায় টি-টোয়েন্টি
ছবি: সংগৃহীত
০৫:০৭ এএম | ১৮ মে, ২০২৬
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের সূচি আগেই জানিয়েছিল বিসিবি।
এবার সিরিজের ম্যাচগুলো শুরুর সময় জানালো সংস্থাটি। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে।
চট্টগ্রামে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুপুর দুইটায়।
রোববার এক বিবৃতিতে বিসিবি জানায়, আগামী ৫ জুন বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।

৯ জুন থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে দুই দল। এরপর সিরিজের শেষ দুই ম্যাচ যথাক্রমে ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে।
ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিনটি ম্যাচ খেলবে দুই দল। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
দেশের বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দিনের আলোতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সকাল ১১টায় এবং টি-টোয়েন্টি দুপুর ২টায় শুরু হয়েছিল। এবারও সেই ধারাবাহিকতায়ই বজায় রেখেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এসকে/টিএ