© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলে সেভিয়াকে হারাল রিয়াল মাদ্রিদ

শেয়ার করুন:
ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলে সেভিয়াকে হারাল রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩০ এএম | ১৮ মে, ২০২৬
প্রচণ্ড চাপের মুখে থাকা রিয়াল মাদ্রিদ পারফরম্যান্সে মন ভরাতে পারল না। তবে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে প্রত্যাশিত জয় পেল আলভারো আরবেলোয়ার দল।

লা লিগায় রোববার রাতে সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। ৩৭ ম্যাচে ২৬ জয় ও পাঁচ ড্রয়ে ৮৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে সেভিয়া।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে প্রায় ৬০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য সাতটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে রিয়াল, এবং ওই শটেই এগিয়ে যায় তারা। চোট কাটিয়ে শুরুর একাদশে ফেরা এমবাপে ডি-বক্সে বুক দিয়ে বল নামালেও ভারসাম্য হারিয়ে শট নিতে পারেননি, প্লেসিং শটে ঠিকানা খুঁজে নেন ভিনিসিয়ুস। 



লিগে দুই ম্যাচ পর জালের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবারের লা লিগায় তার গোল হলো ১৬টি, মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি।

ম্যাচের বাকি সময়ে আরও পাঁচটি শট নিলেও, আর একটিও লক্ষ্যে রাখতে পারেনি সফরকারীরা!

৭১তম মিনিটে অবশ্য ভাগ্য সহায় হলে ব্যবধান বাড়াতে পারতো তারা; ভিনিসিয়ুসের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনের শট পোস্টে লাগে, ফিরতি বল ধরে ভিনিসিয়ুসের শট পোস্টের একটু বাইরে দিয়ে যায়।

দুই মিনিট পর গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে জালে বল পাঠান কিলিয়ান এমবাপে, কিন্তু অফসাইডে ছিলেন তিনি।

পুরো ম্যাচে ১৩ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখা সেভিয়া ম্যাচের অন্তিম মুহূর্তে গোল পেয়েই যেত; তবে কিকে সেলাসের বুলেট গতির শট কোনোমতে আটকে রিয়ালের জয় নিশ্চিত করেন থিবো কোর্তোয়া।  

শেষ রাউন্ডে আগামী শনিবার ঘরের মাঠে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলবে রিয়াল।

এমআর/টিএ  


মন্তব্য করুন