৩ বছর পর নটিংহ্যামের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ছবি: সংগৃহীত
১০:১৬ এএম | ১৮ মে, ২০২৬
প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামলেই হার- প্রায় তিন বছর ধরে বারবার এমন তেতো অভিজ্ঞতাই হচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। দলটির বিপক্ষে অবশেষে এবার সাফল্যের দেখা পেল তারা।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার লিগ ম্যাচটি ৩-২ গোলে জিতেছে ইউনাইটেড। রোমাঞ্চকর লড়াইটিতে দ্বিতীয়ার্ধেই হয়েছে চারটি গোল।
লুক শয়ের গোলে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৩তম মিনিটে সমতা টানেন মোরাতো। দুই মিনিট পরই মাথেউস কুইয়ার গোলে আবার এগিয়ে যায় ইউনাইটেড। আর ৭৬তম মিনিটে ব্রায়ান এমবুমো ব্যবধান আরও বাড়ান।
ক্যামেরুনের উইঙ্গার এমবুমোর গোলটিতে অবদান রেখে লিগে এক আসরে সর্বোচ্চ ২০ অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করেন ব্রুনো ফের্নান্দেস। প্রথম রেকর্ডটি গড়েছিলেন থিয়েরি অঁরি, পরে তার পাশে বসেন কেভিন ডে ব্রুইনে।

চলতি আসরে এখন এক রাউন্ড বাকি থাকায়, ইউনাইটেড অধিনায়কের সামনে সুযোগ রেকর্ডটি একার করে নেওয়ার।
দুই গোলে পিছিয়ে পড়ার দুই মিনিটের মধ্যে মর্গ্যান গিবস-হোয়াইট ফের ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দিলেও, এবার আর ইউনাইটেডের জয় আটকাতে পারেনি ফরেস্ট।
প্রিমিয়ার লিগে ফরেস্টের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে টানা তিন হারের পর, চলতি আসরে প্রথম দেখায় ২-২ ড্র করে ইউনাইটেড।
টানা এই ব্যর্থতার মাঝে অবশ্য ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এফএ কাপে ফরেস্টের বিপক্ষে জয় পেয়েছিল ইউনাইটেড। আর লিগে দলটির বিপক্ষে সবশেষ ইউনাইটেড জিতেছিল ২০২৩ সালের অগাস্টে, ৩-২ গোলে।
৩৭ ম্যাচে ১৯ জয় ও ১১ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউনাইটেড।
শেষ রাউন্ডে আগামী রোববার ব্রাইটনের মুখোমুখি হবে মাইকেল ক্যারিকের দল।
এমআর/টিকে