সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন গ্রিজম্যান
ছবি: সংগৃহীত
০৬:১২ পিএম | ১৮ মে, ২০২৬
অ্যাতলেটিকো মাদ্রিদের জার্সিতে ঘরের মাঠে শেষ ম্যাচটা খেলে ফেললেন আন্তইনে গ্রিজম্যান। মেত্রোপলিতানো স্টেডিয়ামে জিরোনার বিপক্ষে আদেমালো লুকম্যানের একমাত্র গোলে জয় পেয়েছে অ্যাতলেটিকো। তবে ফল ছাপিয়ে ম্যাচটি আলোচিত অ্যাতলেটিকোর মাঠে গ্রিজম্যানের শেষ উপস্থিতি হিসেবে। দলের জয়ের পর পুনরায় মাঠে ফিরে অশ্রুসিক্ত চোখে ক্লাবের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নেন এই ফরাসি তারকা।
অ্যাতলেটিকো মাদ্রিদের জার্সিতে কোনো শিরোপা জিততে না পারলেও ক্লাবের সমর্থকদের কাছে ঘরের ছেলেই হয়ে উঠেছিলেন গ্রিজম্যান। কিন্তু ২০১৯ সালে হঠাৎ মাদ্রিদের ক্লাবটি ছেড়ে বিশাল অঙ্কের ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দেন। যা ক্লাবটির সমর্থকরা ভালোভাবে নেয়নি। ফের রোজিব্লাঙ্কো শিবিরে ফেরার পর সেই ঘটনার জন্য ক্ষমা চেয়েছিলেন গ্রিজম্যান। বিদায় বেলায় পুনরায় ক্ষমা চান তিনি।
সমর্থকদের উদ্দেশে গ্রিজম্যান বলেন, 'আমি জানি তোমাদের অনেকেই ক্ষমা করেছো, কিন্তু অনেকে করেনি। আমি আবারও ক্ষমা চাই।'
তিনি আরও বলেন, 'আমি বুঝতে পারিনি এখানে আমাকে সবাই কতোটা ভালোবাসে, আর সেটাই ছিল আমার ভুল। আমি সেটা আবার ভেবেছি, আর আমরা যা করতে পেরেছি সব করেছি যেন আবার ফিরে এসে এই মুহূর্তটা উপভোগ করতে পারি।'

২০১৮ সালের বিশ্বকাপজয়ী এই খেলোয়াড় অ্যাতলেটিকোতে নিজের সময় নিয়ে আবেগঘন মন্তব্য করেন। তিনি বলেন, 'আমি সবার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। শেষ পর্যন্ত দলীয় ও ব্যক্তিগত ট্রফি জেতা দারুণ, কিন্তু সেটা হৃদয় ভরাতে পারে না। আজ রাতে এবং প্রতিদিন যে ভালোবাসা পেয়েছি, সেটাই আমি সঙ্গে নিয়ে যাচ্ছি।'
পরে সংবাদ সম্মেলনে তিনি আবারও সমর্থকদের দেওয়া বিদায়ী সম্মান নিয়ে আবেগ প্রকাশ করেন, 'আজকের দিনটা অবিশ্বাস্য ছিল। রেফারির শেষ বাঁশির পর সবাই আরও এক ঘণ্টা থেকে গিয়েছিল। আমি সত্যিই বাকরুদ্ধ।' গ্রিজম্যান শেষ করেন এই বাক্য দিয়ে, 'আমি এই সমর্থকদের খুব মিস করব।'
গ্রিজম্যানের নতুন গন্তব্য যুক্তরাষ্ট্রের ক্লাব অরল্যান্ডো সিটি। চলতি বছর বিশ্বকাপের পর এমএলএসের ক্লাবটিতে যোগ দেবেন তিনি। তবে এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না গ্রিজম্যানের। টুর্নামেন্টের জন্য তাকে দলে রাখেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম।
লিগ জিততে না পারলেও এই ফরাসি তারকা অ্যাতলেটিকোর ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই তার অধ্যায় শেষ করবেন। ক্লাবটির হয়ে ৫০০ ম্যাচে ২১২ গোল ও ১০০টি অ্যাসিস্ট করেছেন গ্রিজম্যান।
টিজে/টিকে