© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএলে প্লে-অফ নিশ্চিত করল বেঙ্গালুরু, বাকি ৩ স্থানের লড়াইয়ে ৭ দল

শেয়ার করুন:
আইপিএলে প্লে-অফ নিশ্চিত করল বেঙ্গালুরু, বাকি ৩ স্থানের লড়াইয়ে ৭ দল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩১ এএম | ১৯ মে, ২০২৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরে প্লে-অফের লড়াই জমে উঠেছে শেষ মুহূর্তে। লিগ পর্বের শেষ সপ্তাহে এসে এখনও তিনটি প্লে-অফ স্পটের জন্য লড়ছে সাতটি দল। রোববার (১৭ মে) পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হার শীর্ষ চারের সমীকরণ আরও জটিল করে তুলেছে।

এখন পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে মাত্র দুটি দলের; মুম্বাই ইন্ডিয়ানস ও লখনৌ সুপার জায়ান্টসের। বাকি সাতটি দলের সামনে এখনও প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে।



গুজরাট টাইটানস

শুভমান গিলের দলকে প্লে-অফ নিশ্চিত করতে বাকি দুই ম্যাচের মধ্যে মাত্র একটি জিতলেই চলবে। এমনকি দুই ম্যাচ হারলেও নেট রানরেট ও পয়েন্টের হিসাবে তাদের সুযোগ অনেকটাই উজ্জ্বল। আরসিবির সঙ্গে শীর্ষস্থান দখলের লড়াইয়েও রয়েছে তারা।

সানরাইজার্স হায়দরাবাদ

নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রেখেছে হায়দরাবাদ। শেষ দুই ম্যাচ জিতলে তারা ১৮ পয়েন্ট নিয়ে স্বাচ্ছন্দ্যে শেষ চারে উঠবে, এমনকি টপ টু নিশ্চিত করার সুযোগও থাকবে। একটি ম্যাচ জিতলেও ১৬ পয়েন্ট নিয়ে তাদের সম্ভাবনা বেশ উজ্জ্বল থাকবে।

পাঞ্জাব কিংস

আরসিবির কাছে হারের পর পাঞ্জাবের সমীকরণ কঠিন হয়ে গেছে। শেষ ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ১৫। ফলে শুধু জয় পেলেই হবে না, চেন্নাই, রাজস্থান ও কলকাতার ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। নেট রানরেটও বড় ভূমিকা রাখতে পারে।

রাজস্থান রয়্যালস

শেষ পাঁচ ম্যাচে চার হার রাজস্থানের প্লে-অফ স্বপ্নকে বড় ধাক্কা দিয়েছে। তবে এখনও তাদের ভাগ্য নিজেদের নিয়ন্ত্রণেই আছে। বাকি দুই ম্যাচ জিতলে ১৬ পয়েন্ট নিয়ে সরাসরি শেষ চারে উঠতে পারবে তারা। একটি ম্যাচ জিতলে নেট রানরেটের জটিল সমীকরণে পড়তে হবে দলটিকে।

চেন্নাই সুপার কিংস

লখনৌয়ের বিপক্ষে হারের পর চেন্নাই এখন ‘মাস্ট উইন’ অবস্থায়। শেষ দুই ম্যাচ জিততে পারলে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে। একটি ম্যাচ হারলেই অন্য দলের ফল ও নেট রানরেটের ওপর নির্ভর করতে হবে।

কলকাতা নাইট রাইডার্স

পাঞ্জাবের মতো কলকাতাও সর্বোচ্চ ১৫ পয়েন্টে পৌঁছাতে পারবে। অজিঙ্কা রাহানের দলকে শেষ দুই ম্যাচ জিততেই হবে। সে ক্ষেত্রে নেট রানরেটই হয়ে উঠতে পারে তাদের ভাগ্য নির্ধারণের প্রধান উপাদান। একটি ম্যাচ হারলেই প্লে-অফের আশা প্রায় শেষ।

দিল্লি ক্যাপিটালস

রাজস্থানকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে দিল্লি। তবে তাদের হাতে আছে মাত্র একটি ম্যাচ। ফলে সর্বোচ্চ ১৪ পয়েন্টেই শেষ করতে পারবে তারা। প্লে-অফে যেতে হলে শেষ ম্যাচ বড় ব্যবধানে জেতার পাশাপাশি চেন্নাই, পাঞ্জাব ও রাজস্থানের হার কামনা করতে হবে। এছাড়া কলকাতাও যেন একটির বেশি ম্যাচ না জেতে, সেটিও দেখতে হবে। দুর্বল নেট রানরেটের কারণে দিল্লির সমীকরণ সবচেয়ে কঠিন বলেই মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: এনডিটিভি

এসকে/টিএ

মন্তব্য করুন