মৌসুমজুড়ে ব্যর্থতার জেরে ক্লাব মালিকের ওপর ক্ষুব্ধ চেলসি ফ্যানরা
ছবি: সংগৃহীত
০১:৪৪ পিএম | ১৯ মে, ২০২৬
ইংলিশ প্রিমিয়ার লিগে, টেবিলে দশম অবস্থানে চেলসি। অন্যদিকে, তিনদিন আগেই এফএ কাপে ম্যান সিটির কাছে জেরে চলতি মৌসুমে অন্তত একটি কাপ পাওয়ার আশাও শেষ। সব মিলিয়ে ক্লাবটির বিলিয়নিয়ার মার্কিন মালিকদের বিরুদ্ধে ভক্তদের ক্ষোভ ও প্রতিবাদ ক্রমেই তীব্র হয়ে উঠছে।
২০২২ সালের মে মাসে, টড বোহেলি, ক্লাবের দায়িত্ব নেওয়ার সময় বড় পরিকল্পনার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, 'আমরা ১০০ শতাংশ নিবেদিত।' একইসাথে, ব্লু-কো কনসোর্টিয়াম, ক্লাবকে, শীর্ষস্থান ধরে রাখতে বিশ্বের সেরা খেলোয়াড়দের দলে আনার প্রতিশ্রুতিও দিয়েছিলো।
কিন্তু প্রায় চার বছর পর বাস্তবতা ভিন্ন। স্কোয়াডে অস্থিরতা, দিকনির্দেশনার অভাব এবং হতাশ সমর্থকদের চাপে ক্লাবটি এখন ব্যাপক সংকটে রয়েছে। চলতি মৌসুমে, সমস্যাগুলো আরও প্রকট হয়ে উঠেছে।

প্রিমিয়ার লিগে চেলসি এখন দশম স্থানে অবস্থান করছে এবং আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে- যা ক্লাবের মান অনুযায়ী ন্যূনতম প্রত্যাশা। ইপিএলে দলটির রয়েছে আর ২টি ম্যাচ। বর্তমানে, ৪৯ পয়েন্ট নিয়ে খুব একটা সুবিধাজনক পজিশনে নেই চেলসি।
এফএ কাপ ফাইনালে চমকপ্রদভাবে জায়গা করে নেওয়া কিছুটা আশার আলো দেখালেও, শনিবার ম্যানচেস্টার সিটির কাছে ১-০ ব্যবধানে হারের পর সেই আশাও শেষ হয়ে যায়। ম্যাচ শেষে মাঠে ও গ্যালারিতে দেখা যায় হতাশা ও বিভক্তির চিত্র, যা ক্লাব ও সমর্থকদের মধ্যে দূরত্বকে আরও স্পষ্ট করে।
ফাইনালের আগে থেকেই সমর্থকদের মধ্যে অনাস্থা ছিল স্পষ্ট। স্টেডিয়ামে যাওয়ার পথে এক সমর্থক বলেন, 'আমার মনে হয় আমরা বড় ব্যবধানে হারবো।' তার সঙ্গীও একই মত দেন। পুরো কথোপকথনেই ছিল ক্লান্তি ও হতাশার ছাপ।
এই ক্ষোভেরই প্রতিফলন দেখা যায় ওয়েম্বলি স্টেডিয়ামের বাইরে ম্যাচের আগে হওয়া প্রতিবাদে। সেখানে সমর্থকেরা ব্যানার নিয়ে মিছিল করেন, যেখানে লেখা ছিল, 'ব্লু-কো আউট! আমরা আমাদের পুরনো চেলসি ফিরে পেতে চাই।'
এমআর/এসএন