নিখুঁত দল কখনো বিশ্বকাপ জেতে না: আনচেলত্তি
ছবি: সংগৃহীত
০৫:০৭ পিএম | ১৯ মে, ২০২৬
যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। পূর্ব ঘোষণা অনুযায়ী গতরাতে (১৮ মে) রিও ডি জেনেইরোর মুসেও দো আমানহাতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সবার নজর ও করতালি কেড়ে নিয়েছেন নেইমার। বিশ্বকাপের দলে এই ৩৪ বছর বয়সীর অন্তর্ভূক্তি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।
অনুষ্ঠান শেষে ৬৬ বছর বয়সী ইতালিয়ান কোচ আনচেলত্তি সংবাদমাধ্যমে কথা বলেন এবং বিশ্বকাপ জয়ের সম্ভাব্য ফেভারিট দলগুলোর নাম প্রকাশ করেন। সেই তালিকায় তিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও রেখেছেন। পাশাপাশি দল নির্বাচন প্রক্রিয়া নিয়েও তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, 'ফ্রান্স, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড এবং অবশ্যই আর্জেন্টিনা; অনেক দলই আছে। কিন্তু কোনো দলই নিখুঁত নয়।'

এর আগে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণার সময়ও তিনি একই সুরে কথা বলেন। তিনি বলেন, 'এটি এমন একটি দল যারা মানসম্পন্ন ফুটবল খেলতে পারে এবং যাদের মধ্যে দলগত ঐক্য রয়েছে। আমি নিশ্চিত, এটি নিখুঁত দল নয়। তবে আমি এটাও বলতে চাই, নিখুঁত দল কখনো বিশ্বকাপ জেতে না, কারণ নিখুঁত দল বলে কিছু নেই।'
আনচেলত্তি আরও বলেন, 'সবচেয়ে বেশি মানসিক দৃঢ়তা দেখাতে পারা দলই বিশ্বকাপ জিতবে। আমরা সেই দল হতে চাই। আমি বলতে ভয় পাই না যে আমরা বিশ্বকাপ জিততে চাই। বড় প্রত্যাশা খেলোয়াড়দের আরও বেশি অনুপ্রেরণা দেয়, আর সেটাই বিশ্বকাপের প্রস্তুতিতে সাহায্য করে।'
২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল এবারও তাদের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। আর আনচেলত্তির কথায় স্পষ্ট যে, তার দলের প্রধান শক্তি হবে লড়াইয়ের মানসিকতা ও দলগত সংহতি।
আইকে/টিএ