© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেরা খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল স্কটল্যান্ড

শেয়ার করুন:
সেরা খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল স্কটল্যান্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৯ পিএম | ১৯ মে, ২০২৬
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ফিরছে স্কটল্যান্ড। ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলতে যাচ্ছে দলটি। সেই লক্ষ্য সামনে রেখে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ স্টিভ ক্লার্ক। দলে জায়গা পেয়েছেন স্কট ম্যাকটোমিনে, অ্যান্ডি রবার্টসন, জন ম্যাকগিন ও বিলি গিলমোরদের মতো অভিজ্ঞ তারকারা।

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারের মতো ১৯৮২ সালের পর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে স্কটল্যান্ড। দলের অন্যতম ভরসা ম্যাকটোমিনে বাছাইপর্বে করেছেন দুটি গোল। ২০২৩ সালের শুরু থেকে জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন তিনি, যা স্কটল্যান্ডের অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে অন্তত ছয়টি বেশি।

দলে আরও আছেন কিয়েরান টিয়ারনি ও কেনি ম্যাকলিন। ভালো মৌসুম কাটিয়ে সুযোগ পেয়েছেন লরেন্স শ্যাঙ্কল্যান্ড এবং রস স্টুয়ার্টও।

স্টিভ ক্লার্কের অধীনে এটি স্কটল্যান্ডের তৃতীয় বড় টুর্নামেন্ট। এর আগে ইউরো ২০২০ ও ইউরো ২০২৪-এ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

তবে বিশ্বকাপ ইতিহাসে এখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি স্কটিশরা। এবার সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ডের প্রতিপক্ষ হাইতি, মরক্কো ও ব্রাজিল।

বিশ্বকাপের জন্য স্কটল্যান্ডের দল

ক্রেইগ গর্ডন, অ্যাঙ্গাস গান, লিয়াম কেলি, গ্রান্ট হ্যানলি, জ্যাক হেনড্রি, অ্যারন হিকি, ডম হায়াম, স্কট ম্যাককেনা, নাথান প্যাটারসন, অ্যান্থনি রালস্টন, অ্যান্ডি রবার্টসন, জন সাউতার, কিরান টিয়ার্নি, রায়ান ক্রিস্টি, ফিনলে কার্টিস, লুইস ফার্গুসন, বেন গানন-ডোক, বিলি গিলমোর, জন ম্যাকগিন, কেনি ম্যাকলিন, স্কট ম্যাকটোমিনে, চে অ্যাডামস, লিনডন ডাইকস, জর্জ হার্স্ট, লরেন্স শ্যাঙ্কল্যান্ড ও রস স্টুয়ার্ট।

এমআই/টিএ

মন্তব্য করুন