২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল
ছবি: সংগৃহীত
০৩:৪১ এএম | ২০ মে, ২০২৬
দীর্ঘ অপেক্ষার অবসান। দুই দশকের বেশি সময় পর আবারও ইংল্যান্ডের ফুটবল সিংহাসনে বসল আর্সেনাল। নাটকীয় এক মৌসুমে অবশেষে নিশ্চিত হয়েছে তাদের চতুর্থ ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা।
শিরোপা নির্ধারণের লড়াইয়ে শেষ বাধা ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু পেপ গার্দিওলার দল মঙ্গলবার (১৯ মে) রাতে এএফসি বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় উৎসবে মেতে ওঠে উত্তর লন্ডন। এক ম্যাচ হাতে রেখেই ৮২ পয়েন্ট নিয়ে ২২ বছর পর চ্যাম্পিয়ন নিশ্চিত হয় আর্সেনাল। ৩৭ ম্যাচে ৭৮ পয়েন্ট অর্জন ম্যানসিটির আর তাদের ধরার সুযোগ নেই।
২০০৩-০৪ মৌসুমে কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গারের অধীনে হয়ে শেষবার লিগ জিতেছিল ক্লাবটি। সেই দলের স্মৃতি আজও ফুটবলপ্রেমীদের হৃদয়ে অমলিন। এরপর কেটে গেছে বহু বছর: হতাশা, ব্যর্থতা, কোচ বদল আর পুনর্গঠনের গল্পে ভরা সময়। অবশেষে সেই অপেক্ষার ইতি টানলেন মিকেল আর্তেতা।
২০১৯ সালে যখন কোচ হিসেবে দায়িত্ব নেন আর্তেতা, তখন অনেকেই সন্দিহান ছিলেন। খেলোয়াড়ি জীবনে আর্সোলের সাবেক এই মিডফিল্ডার ধীরে ধীরে গড়ে তুলেছেন নতুন এক দল, যেখানে আছে তরুণদের ক্ষুধা, অভিজ্ঞদের স্থিরতা এবং আক্রমণাত্মক ফুটবলের ছাপ। তার হাত ধরেই আবারও নিজেদের হারানো গৌরব ফিরে পেল গানাররা।

এই সাফল্যের পেছনে বড় অবদান রেখেছেন কয়েকজন তারকা ফুটবলার। সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গাইকোরেস, লিগে ১৪ গোল করে তিনি দলের সর্বোচ্চ গোলদাতা। মাঝমাঠ থেকে সৃজনশীলতার আলো ছড়িয়েছেন মার্টিন ওডেগার্ড, আর আক্রমণে ধার বাড়িয়েছেন লিয়ান্দ্রো ট্রসার্ড। দুজনেরই অ্যাসিস্ট সংখ্যা সমান ৬।
রক্ষণভাগেও ছিল দৃঢ়তা। গোলপোস্টের নিচে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন ডেভিড রায়া। ১৯টি ক্লিন শিট রেখে টানা তৃতীয়বারের মতো গোল্ডেন গ্লাভস জিতেছেন এই স্প্যানিশ গোলরক্ষক।
চলমান মৌসুমে লিগ শিরোপা জয়েই সব কাজ শেষ নয় আর্সেনালের। এখন তাদের চোখ ইউরোপের শ্রেষ্ঠত্বে। সামনে অপেক্ষা করছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। ইংল্যান্ডের মুকুট জয়ের পর এবার ইউরোপের রাজত্বও কি নিজেদের করে নিতে পারবে আর্তেতার দল? উত্তর মিলবে খুব শিগগিরই।
ইউটি/টিএ