বিশ্বকাপের আগে রিয়ালে ফিরলেন ব্রাজিল তারকা এন্দ্রিক
ছবি: সংগৃহীত
১১:০২ এএম | ২০ মে, ২০২৬
স্বপ্নের মতো এক সপ্তাহ কাটালেন ব্রাজিলিয়ান তরুণ তারকা এন্দ্রিক। একদিকে কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দলে থাকছেন তিনি।
অন্যদিকে আবেগঘন বিদায়বার্তায় লিওঁ সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফিরলেন রিয়াল মাদ্রিদে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে এন্দ্রিক বলেন, ‘এখন বিদায় বলার সময় এসেছে। আমি ফিরছি, তবে আগের চেয়ে অনেক বেশি কিছু নিয়ে। এই শহর সব সময় আমার হৃদয়ে ও স্মৃতিতে বেঁচে থাকবে।’

রিয়াল মাদ্রিদে পর্যাপ্ত সুযোগ না পাওয়া এবং চোটের কারণে গত মৌসুমের মাঝপথে ধারে ফরাসি ক্লাব লিওঁতে যোগ দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
মূল লক্ষ্য ছিল নিয়মিত খেলে নিজেকে প্রমাণ করে বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করা। আর সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি।
ব্রাজিলের ক্রীড়া গণমাধ্যম ‘জিই’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এন্ড্রিক তার শৈশবের ত্যাগ, লিওঁতে ফর্ম ফিরে পাওয়া নিয়ে কথা বলেছেন।
তিনি জানান, ‘বিশ্বকাপে খেলা একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। তবে এটা একটা পুরস্কার, লটারিতে প্রাইজ জেতার মতো কোনো ঘটনা নয়।আমার পরিবারকে চাকরি-বাকরি ছাড়া অচেনা শহরে এসে কঠিন দিন পার করতে হয়েছে। দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতাও আমার আছে। গত ১০ বছর ধরে প্রতিনিয়ত চাপের মধ্যে থেকে নিজেকে প্রমাণ করে আজ এই জায়গায় এসেছি।’
লিওঁর হয়ে মাত্র ১৬টি লিগ ম্যাচে ১২টি গোল অবদান রেখে ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হন এন্দ্রিক। শুধু গোল করাতেই নয়, ড্রিবলিং, সুযোগ তৈরি এবং ডিফেন্ডারদের পরাস্ত করার দক্ষতায়ও মুগ্ধ করেছেন সবাইকে। অনেকের মতে, গত কয়েক মাসে বিশ্ব ফুটবলের সেরা ফরোয়ার্ডদের একজনের মতোই খেলেছেন তিনি।
ফরাসি সংবাদমাধ্যমের দাবি, লিওঁতে কাটানো সময়টুকুতেই সমর্থকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন এন্দ্রিক। একইসঙ্গে শহর ও ক্লাবটির প্রতিও তৈরি হয়েছে তার গভীর আবেগ।
আগামী মৌসুমে আবারও রিয়াল মাদ্রিদের মূল দলে ফিরবেন এই ব্রাজিলিয়ান। ক্লাবটির আশা, লিওঁতে পাওয়া অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস তাকে নতুন করে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে সান্তিয়াগো বার্নাব্যুতে।
এমআর/এসএন