© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

শেয়ার করুন:
হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৮ পিএম | ২০ মে, ২০২৬
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। টাইগাররা আগে ব্যাট করে দুই ইনিংসে যথাক্রমে ২৭৮ এবং ৩৯০ রান তোলে। পাকিস্তান প্রথম ইনিংসে ২৩২ রানে গুটিয়ে যাওয়ায় ৪৬ রানের লিড পায় বাংলাদেশ। এরপর তারা ৪৩৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্য দেয়। জবাবে শান মাসুদের দল ৩৫৮ রানে গুটিয়ে গিয়ে ২-০ ব্যবধানে সিরিজ হার নিশ্চিত করে। 

ম্যাচ শেষে নিজেদের ভুল স্বীকার করে শান মাসুদ বলেন, ‘অনেক ভুল হয়েছে। একটা ম্যাচের চতুর্থ ইনিংসে যখন আপনি ৩৬০ রান করেন, তখন স্বাভাবিকভাবেই আশা করেন যে ফলটা আপনার পক্ষেই যাবে। কিন্তু আমার মনে হয়, আগের তিন ইনিংসে আমাদের অনেক কিছু নিয়ে ভাবার আছে। সেসব ভুলই আমাদের পিছিয়ে দিয়েছে এবং লক্ষ্যটাকে অনেক বড় করে তুলেছে।’



প্রথম ইনিংসে ১১৬ রানে ৬ উইকেট হারানোর পরও বাংলাদেশ বড় সংগ্রহ গড়ে তোলে লিটন দাসের সেঞ্চুরিতে। যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করেন সফরকারী অধিনায়ক, ‘আবারও বলছি বিশেষ করে যখন তারা ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছিল, তখন শেষ চার উইকেটে তারা অনেক রান যোগ করেছে। আমরা সুযোগ হাতছাড়া করেছি।’

শুধু বোলিং নয়, ব্যাটিং ব্যর্থতার কথাও স্বীকার করেছেন শান, ‘এরপর ব্যাটিংয়েও, যখন আমরা ১৪২ রানে ৪ উইকেটে ছিলাম এবং দুইজন সেট ব্যাটসম্যান ক্রিজে ছিল, তখন টেস্ট ক্রিকেটে আপনাকে বড় ইনিংস খেলতেই হবে। প্রথম তিন ইনিংসে আমরা যেসব ভুল করেছি, সেজন্যই চতুর্থ ও পঞ্চম দিনের চেষ্টা শেষ পর্যন্ত জয়ে রূপ নেয়নি।’

আরআই/এসএন

মন্তব্য করুন