যে কঠিন শর্তে নেইমারকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেন আনচেলত্তি
ছবি: সংগৃহীত
০৫:৪৯ পিএম | ২০ মে, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরছেন নেইমার। আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতাকে রেখেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের দলে এই ৩৪ বছর বয়সী থাকবেন কি- না, তা নিয়ে পুরো দেশজুড়ে যখন উৎকণ্ঠা, আনচেলত্তি বারবার বলেছিলেন, ফিটনেসের প্রমাণ দিয়েই তাকে দলে ফিরতে হবে।
গত ১৮ বাংলাদেশ সময় মাঝরাতে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন কোচ আনচেলত্তি। নেইমারকে ঘিরে সমর্থকদের এত আবেগের কারণে প্রশ্ন উঠেছিল, জনপ্রিয়তার কারণেই কি তাকে দলে নেয়া হয়েছে? তবে আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সিদ্ধান্তের মূল কারণ ছিল তার ফিটনেস ও অভিজ্ঞতা।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ইতালিয়ান কোচের সঙ্গে ভিডিও কলে কথা বলেই ২০২৬ বিশ্বকাপে নেইমারের ব্রাজিল দলে ফেরার পথ চূড়ান্ত হয়। ব্রাজিলিয়ান তারকাকে নতুন ভূমিকা ও জাতীয় দলে আচরণবিধি সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছেন আনচেলত্তি।
গ্লোবো ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৪ মে) এই ইতালিয়ান কোচ এবং ব্রাজিলের স্পোর্টিং ডিরেক্টর রদ্রিগো কাইতানো ভিডিও কলে কথা বলেন জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার সঙ্গে।
সেই আলোচনায় নেইমারকে জানানো হয়, নতুন ব্রাজিল দলে তাকে আর অধিনায়ক করা হবে না এবং আপাতত কোচের প্রথম একাদশের নিয়মিত খেলোয়াড়ও তিনি থাকছেন না। পাশাপাশি আনচেলত্তি ও তার কোচিং স্টাফ জাতীয় দলে যে নতুন শৃঙ্খলা ও আচরণবিধি চালু করেছেন, সেগুলোও তাকে বুঝিয়ে বলা হয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি কমানোর বিষয়েও আলোচনা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নেইমার বিষয়গুলো ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন এবং বিশ্বকাপে যেকোনো ভূমিকায় দলকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছেন। তার এই মনোভাবই শেষ পর্যন্ত কোচকে তাকে বিশ্বকাপ স্কোয়াডে ডাকতে অনুপ্রাণিত করেছে।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, 'আমরা পুরো বছরজুড়ে নেইমারকে পর্যবেক্ষণ করেছি। গত এক বছরে সে নিয়মিত খেলেছে এবং তার শারীরিক অবস্থাও ভালো। এই বিশ্বকাপের জন্য সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তবে অন্য ২৫ জনের মতোই তারও একই দায়িত্ব; খেলুক বা বেঞ্চে থাকুক। সে অভিজ্ঞ খেলোয়াড়, আর কিছু পজিশনে আমরা অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছি, যেমন গ্রেমিওর ওয়েভারটনের ক্ষেত্রে করেছি।'
তিনি আরও বলেন, 'আমরা পুরো বছরজুড়ে মূলত তার ফিটনেসই মূল্যায়ন করেছি। নেইমারের সমস্যা ছিল শারীরিক অবস্থা নিয়ে। সাম্প্রতিক ম্যাচগুলোতে সে নিয়মিত খেলেছে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই আরও ভালো অবস্থায় পৌঁছানোর সুযোগ পাবে। এ ধরনের টুর্নামেন্টে তার অভিজ্ঞতা এবং দলের ভেতরে তার গ্রহণযোগ্যতা দলীয় পরিবেশকে আরও ইতিবাচক করতে পারে এবং সেরাটা বের করে আনতে সাহায্য করবে।'
শেষে আনচেলত্তি স্পষ্ট করে বলেন, 'আমি পরিষ্কার, সরাসরি এবং সৎ থাকতে চাই। সে খেলবে, যদি সে খেলার যোগ্যতা প্রমাণ করতে পারে।'
নেইমার আর বর্ণাঢ্য ক্যারিয়ারের শুরুটা করেন সান্তোসে। এরপর বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিসহ সম্ভাব্য সবকিছু জিতে ট্রান্সফার ফি'র বিশ্বরেকর্ড গড়ে পিএসজিতে যোগ দেন। সেখানেও ঘরোয়া সবকিছু জিতেছেন। ক্যারিয়ারের পরের ধাপে সৌদি ক্লাব আল হিলালে ইনজুরি জর্জরিত সময় কাটিয়ে গত ২০২৫ এর জানুয়ারিতে সান্তোসে ফিরে আসেন। ২০১০ সালে জাতীয় দলে অভিষেকের পর এই নিয়ে চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নেইমার।
এসকে/টিএ