© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমানযোগে আরব আমিরাত যাচ্ছে ভারতীয় ছাগল

শেয়ার করুন:
বিমানযোগে আরব আমিরাত যাচ্ছে ভারতীয় ছাগল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৯ এএম | ২১ মে, ২০২৬
ঈদুল আজহার আর কয়েকদিন বাকি রয়েছে। এরমধ্যে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা ঈদকে ঘিরে প্রস্তুতি নেয়া শুরু করেছে। অনেকে কুরবানি দেয়ার জন্য পশু কেনা শুরু করেছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাসিন্দারা শারজাহ পশুর হাটে যাওয়া শুরু করেছে। সেখানকার ব্যবসায়ীরা জানান, শিপিং ব্যবস্থায় বিঘ্ন ঘটায় ভারতীয় ছাগলগুলো আকাশপথে কার্গো বিমানে আমিরাতে আনা হচ্ছে।

এ ছাড়া দেশটির বাজার কর্তৃপক্ষ ঈদ মৌসুমে ভিড় কমানো এবং ক্রেতাদের অভিজ্ঞতা আরও ভালো করতে নতুন ব্যবস্থা ও অতিরিক্ত সুবিধা চালু করেছে।
ব্যবসায়ীরা বলেন, এসব ছাগলের দাম নির্ভর করে জাত, কোন দেশ থেকে আনা হয়েছে এবং ওজনের ওপর। আবদুল কুরেশি নামে এক ব্যবসায়ী বলেন, বর্তমানে ছাগলের দাম প্রায় ৮০০ দিরহাম থেকে শুরু হয়ে ২ হাজার ২০০ দিরহাম পর্যন্ত।

তিনি বলেন, এবার ভারতীয় ছাগলের চাহিদা বেশ ভালো। এসব ছাগল প্রায় ৯০০-১৬০০ দিরহাম বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে।

শারজাহ বাজারের আল রুকন লাইভস্টক ট্রেডিং-এর ব্যবসায়ী শহীদ মির্জা বলেন, আকাশপথে ভারতীয় গবাদি পশু আমদানি করার কারণে এ বছর দাম কিছুটা বেড়েছে।

তিনি জানান, আগে ভারতীয় ছাগল সমুদ্রপথে আসত। এতে পাঁচ থেকে সাত দিন সময় লাগতো। এখন এই অঞ্চলে ‘সংঘাতের’ কারণে কিছু ব্যবসায়ী বিমানযোগে সেগুলো নিয়ে আসছেন।
রুকন বলেছেন, বর্তমানে গ্রাহকদের কাছে ভারতীয় জাতগুলোই সবচেয়ে পছন্দের।

টিজে/টিএ 

মন্তব্য করুন