বায়ার্ন মিউনিখ কোচ বুন্দেসলিগার শিরোপা ‘হারিয়ে ফেলেছিলেন’
ছবি: সংগৃহীত
০৪:০০ এএম | ২১ মে, ২০২৬
ভিনসেন্ট কোম্পানির সঙ্গে এক অদ্ভুতুড়ে ঘটনাই ঘটে গেল। বায়ার্ন মিউনিখ কোচ গত রোববার লিগ জয় উদ্যাপনের আগে ট্রফি ‘হারিয়ে’ ফেলেছিলেন। যদিও পরক্ষণে নিজের ভুল বুঝতে পারেন, ট্রফিটি তিনি রেখে এসেছিলেন নিজেদের রান্নাঘরে। পরে সেটি তার স্ত্রী উদ্যাপন স্থলে পৌঁছে দেন।
কোম্পানি এই অদ্ভুতুড়ে ঘটনার কথা জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন। তিনি বলেন, ‘হঠাৎ ট্রফিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর আমার মনে পড়ল, এটা তো আমাদের বাসায়! এটা রান্নাঘরে পড়ে ছিল। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আগের রাতে কেউ এটা আমাকে দিয়ে বলেছিল, ‘‘ভিনি, কাল এটা তুমি নিয়ে আসবে।”’

বাভারিয়ানরা লিগ শিরোপা ঘরে তুলেছে কেবল এক ম্যাচে হারের মাধ্যমে। পুরো মৌসুম শেষে দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল ১৬। এটা লিগে তাদের টানা দ্বিতীয় শিরোপা। এই জয়ে অসামান্য অবদান হ্যারি কেনের। ইংলিশ স্ট্রাইকার ৩১ ম্যাচে করেছেন ৩৬ গোল ও ৫ অ্যাসিস্ট।
গত ১৪ মৌসুমের বায়ার্নের এটা ১৩তম লিগ শিরোপা জয়ের নজির। ২০১৩ সালের পর জিততে পারেনি কেবল ২০২৩-২৪ মৌসুমে, সেবার ট্রফি গিয়েছিল বায়ার্ন লেভারকুসেনের ঘরে। বায়ার্ন ওই মৌসুমে অবশ্য দুইয়েও থাকতে পারেনি, ছিল স্টুটগার্টেরও পেছনে।
টিজে/টিএ