© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসির হাতে আবারও বিশ্বকাপ ট্রফি দেখতে চান লিটন

শেয়ার করুন:
মেসির হাতে আবারও বিশ্বকাপ ট্রফি দেখতে চান লিটন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৫ এএম | ২১ মে, ২০২৬
ফুটবল বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেট মাঠেও। সিলেট টেস্টের মাঝেও ফুটবল নিয়ে উচ্ছ্বাস বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের। সিলেট টেস্টে সিরিজ হারের হতাশার মধ্যে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ জানালেন, ‘হ্যাঁ, ফুটবলও অনেক দেখি।’ প্রিয় দল ও খেলোয়াড়ের কথা উঠতেই বললেন, ‘আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা পছন্দ করি।’

টেস্টের দ্বিতীয়দিন সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাচ্ছিলেন বাবর আজম। ফুটবলের কথা বলতেই আগ্রহী হলেন। বিশ্বকাপ নিয়ে কথা বললেন। প্রিয় দলের নাম বলতে যাচ্ছিলেন, মিডিয়া ম্যানেজার ইশারায় থামিয়ে দেন তাকে।



পাকিস্তান দলের কোচ ও সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও ফুটবল ভক্ত। তার কাছে জানতে চাওয়া হয়েছিল প্রিয় ফুটবলারের নাম। বললেন, ‘রোনালদো।’ তাহলে কি পর্তুগালকে সমর্থন করেন? তার জবাব, ‘প্রিয় খেলোয়াড়ের দলকে সমর্থন করাটাই তো স্বাভাবিক।’ অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও একসময় রোনালদোর ভক্ত ছিলেন। তবে বিশ্বকাপে তিনি ব্রাজিলের সমর্থক।

বাংলাদেশ দলেও ফুটবল বিশ্বকাপ নিয়ে কম উন্মাদনা নেই। ব্রাজিল দল ঘোষণার পর উচ্ছ্বসিত তাসকিন আহমেদ। বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার কোন দল সমর্থন করেন, সেটি অনেকেরই জানা। তরুণ পেসার নাহিদ রানারও প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও তিনি নির্দিষ্ট কোনো দলের সমর্থক নন।

সিলেট টেস্টে দুর্দান্ত সেঞ্চুরির পর ফুরফুরে মেজাজে ছিলেন লিটন দাস। সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক তিনি? তার উত্তর, ‘আর্জেন্টিনা ছাড়া আর কে? মেসির হাতে আরেকটা ট্রফি দেখতে চাই।’

এমআই/এসএন  

মন্তব্য করুন