© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ক্যারিবিয়ান সাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করল যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
এবার ক্যারিবিয়ান সাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫০ পিএম | ২১ মে, ২০২৬
মধ্যপ্রাচ্যের পর এবার ক্যারিবিয়ান সাগরে নিজেদের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ক্যারিবিয়ান সাগরে রণতরীটি পৌঁছেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করা সেই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ড বলেছে, “বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ (সিভিএন ৬৮) এবং সেখানে থাকা ক্যারিয়ার এয়ার উইং ১৭ (সিভিডব্লিউ-১৭), ইউএসএস গ্রিডলি (ডিডিজি ১০১) এবং ইউএসএনএস প্যাটাক্সেন্ট (টি-এও ২০১) হলো প্রস্তুতি ও উপস্থিতি, দুর্ভেদ্য রক্ষণভাগ ও প্রাণঘাতী ক্ষমতা এবং কৌশলগত সুবিধার চূড়ান্ত নিদর্শন।”

আরও বলা হয়েছে, “ইতোমধ্যে বিশ্বজুড়ে ইউএসএস নিমিৎজের সামরিক সক্ষমতা প্রমাণিত। তাইওয়ান প্রণালি থেকে আরব্য উপসাগর পর্যন্ত স্থিতিশীলতা এবং গণতন্ত্রকে রক্ষা করকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই রণতরী।”

ক্যারিবিয়ান সাগরের তীরবর্তী দেশ সমাজতান্ত্রিক কিউবার সঙ্গে গত শতকের ষাটের দশক থেকে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের। ষাটের দশক থেকে এ পর্যন্ত বেশ কয়েক বার কিউবার সমাজতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, কিন্তু সেসব চেষ্টার প্রতিটিই ব্যর্থ হয়েছে।

২০২৫ সালে ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে আমেরিকার ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ও কমিউনিস্ট শাসিত কিউবার প্রতি চরম বিরূপ ভূমিকায় নেমেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার নেতৃত্বাধীন প্রশাসন। দু’ মাস আগে দেশটির ওপর জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। এই নিষেধাজ্ঞার অর্থ- কোনো দেশ যদি কিউবাকে জ্বালানি তেল সরবরাহ করে- তাহলে সেই দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে।

ভেনেজুয়েলা থেকে হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল কিনত কিউবা। এই তেল ছিল দেশটির ‘লাইফলাইন’। জ্বালানি নিষেধাজ্ঞা জারি করার আগে ভেনেজুয়েলা থেকে আসা তেলের চালান বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। ফলে গত দু’মাস ধরে জ্বালানি সংকট চরম রূপ নিয়েছে এই কমিউনিস্ট দেশটিতে।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়া ও ইরানের কাছ থেকে থেকে ৩০০ সামরিক ড্রোন কিনছে কিউবা। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুয়ান্তানামা উপসাগরে মার্কিন সামরিক সামরিক ঘাঁটি এবং কিউবার সীমান্তবর্তী অঙ্গরাজ্য ফ্লোরিডায় মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধজাহাজে হামলার জন্য কেনা হয়েছে এসব ড্রোন।

এক্সিওসে এই খবর প্রকাশের পর রোববার কিউবার গোয়েন্দা সংস্থা জি২ এবং দেশটির বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের তালিকায় কিউবার যোগাযোগমন্ত্রী, জ্বালানিমন্ত্রী, বিচার বিষয়ক মন্ত্রী, সামরিক বাহিনীর অন্তত ৩ জন জেনারেল এবং কিউবার কমিউনিস্ট পার্টির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা আছেন।

এছাড়াও কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর বিরুদ্ধে সম্প্রতি হত্যা মামলা দায়ের করা হয়েছে মার্কিন আদালতে। রাউল কিউবায় সমাজতান্ত্রিক শাসনের প্রতিষ্ঠাতা ফিদেল ক্যাস্ত্রোর ভাই।

এসব ইস্যুতে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার টানাপোড়েন চলছে, সে সময়েই ক্যারিবিয়ান সাগরে রণতরী মোতায়েন করল যুক্তরাষ্ট্র।

সূত্র : আনাদোলু এজেন্সি

এমআর/টিকে  

মন্তব্য করুন