© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেলারুশে পারমাণবিক গোলাবারুদ পাঠাল রাশিয়া

শেয়ার করুন:
বেলারুশে পারমাণবিক গোলাবারুদ পাঠাল রাশিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১০ পিএম | ২১ মে, ২০২৬
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনার পারদ চড়ছেই। এর মধ্যেই বেলারুশে সামরিক ঘাঁটিতে পারমাণবিক গোলাবারুদ পাঠিয়েছে রাশিয়া। একই সঙ্গে কৌশলগত পারমাণবিক বাহিনীর সক্ষমতাও প্রদর্শন করেছে মস্কো।

গত কয়েক বছরের মধ্যে এবার অন্যতম বৃহৎ পারমাণবিক মহড়া চালাচ্ছে রাশিয়া। এই মহড়ায় দেশটির সামরিক বাহিনীর ৬৪ হাজার সদস্য অংশ নিয়েছেন। যেকোনও আগ্রাসনের মুখে পারমাণবিক বাহিনীর প্রস্তুতি ও ব্যবহার নিয়ে বাহিনীকে ঝালিয়ে নিতেই এই মহড়া চালানো হচ্ছে।

মহড়ায় রাশিয়া বোরি-শ্রেণির পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন, ইল-৩৮ সাবমেরিন-বিধ্বংসী বিমান, কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত মিগ-৩১ যুদ্ধবিমান এবং আরএস-২৪ ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “পারমাণবিক বাহিনীর মহড়ার অংশ হিসেবে বেলারুশ প্রজাতন্ত্রে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র ব্রিগেডের মাঠপর্যায়ের সংরক্ষণাগারগুলোতে পারমাণবিক গোলাবারুদ পৌঁছে দেয়া হয়েছে।”

রাশিয়া বলেছে, বেলারুশের একটি ক্ষেপণাস্ত্র ইউনিট তাদের ইস্কান্দার-এম কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য বিশেষ গোলাবারুদ গ্রহণ এবং সেগুলো উৎক্ষেপণ যানে লোড করার প্রশিক্ষণ নিচ্ছে।

মস্কোর এই ধরনের পারমাণবিক মহড়ায় সাধারণত নকল ওয়ারহেড বা যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, তিরপলে ঢাকা একটি সামরিক ট্রাক নামমাত্র নিরাপত্তা নিয়ে চলাচল করছে। আর অন্য ভিডিওগুলোতে পারমাণবিক সাবমেরিন, বিমান ও যুদ্ধজাহাজের মহড়া দেখা গেছে।

ইউক্রেন যুদ্ধকে ঘিরে বাল্টিক দেশগুলোর সঙ্গেও রাশিয়ার সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। বাল্টিক দেশগুলোর অভিযোগ, ইউক্রেনীয় ড্রোনগুলোকে রাশিয়ার অভ্যন্তরে নির্ধারিত লক্ষ্যবস্তু থেকে দিক পরিবর্তন করিয়ে বাল্টিক দেশগুলোর আকাশসীমার দিকে ঠেলে দিচ্ছে রাশিয়া।

অন্যদিকে রাশিয়া বলছে, তাদের ভূখণ্ডে হামলা চালানোর জন্য বাল্টিক দেশগুলো ইউক্রেনকে তাদের আকাশসীমা ব্যবহারের সুযোগ করতে দিচ্ছে।

সূত্র: রয়টার্স

এমআর/টিকে  

মন্তব্য করুন